‘তামাকের উপদ্রব বৃদ্ধির কারণে পাহাড়ে দিন দিন কৃষি জমি হ্রাস পাচ্ছে। তামাক চাষে বেশি লাভবান হওয়ার কারণে কৃষকরা এই চাষে বেশি আগ্রহী। যার ফলে খাদ্য সংকটও দেখা দিতে পারে। তাই দ্রুতই কৃষকদের তামাক চাষ থেকে ফিরিয়ে আনতে হবে।’ বৃহস্পতিবার সকালে পার্বত্য জেলা রাঙামাটিতে বিশ^ পরিবেশ দিবস ও বিশ^ তামাক মুক্ত দিবস উপলক্ষে এক আলোচনা সভায় এসব কথা বলেন বক্তারা।
এর আগে সকালে শহরের পৌর চত্বর থেকে একটি র্যালি বের করা হয়। র্যালিটি শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে শেষ হয়। পরে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয় আলোচনা সভা।
সভায় বক্তারা আরও বলেন, ‘পাহাড়ে মাটি রক্ষাকারী গাছ কেটে ব্যবসায়িকভাবে লাভবান হওয়া যায়; এমন গাছ বেশি লাগানোর কারণে মাটির উর্বরতা হ্রাস পাচ্ছে। যার ফলে পাহাড়ধসের মতো ঘটনা ঘটছে।’
আলোচনায় রাঙামাটির অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) শারমিন আলমের সভাপতিত্বে আরও উপস্থিত ছিলেন জেলা সিভিল সার্জন ডা. শহীদ তালুকদার, অতিরিক্ত পুলিশ সুপার ছুফি উল্লাহসহ বিভিন্ন সরকারি-বেসরকারি দফতরের কর্মকর্তারা।
