বান্দরবান প্রতিনিধি
বান্দরবানে ডিজিটাল নিরাপত্তা আইন বাতিল এবং সাংবাদিকদের বিরুদ্ধে মিথ্যা মামলা প্রত্যাহারের দাবীতে মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে।
সোমবার সকালে বান্দরবান প্রেসক্লাবের সামনে কর্মরত সাংবাদিকদের ব্যানারে এ কর্মসূচী অনুষ্ঠিত হয়। ঘন্টাব্যাপী মানববন্ধন কর্মসূচীতে মুখে কালো কাপড় পড়ে জেলার প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ায় সাংবাদিকরা ছাড়াও বিভিন্ন শ্রেণী পেশার লোকজন অংশ নেয়।
কর্মসূচীতে বক্তব্য রাখেন বান্দরবান প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মিনারুল হক, দৈনিক প্রথম আলো প্রতিনিধি বুদ্ধজোতি চাকমা, এনটিভি স্টাফ করেসপন্ডেট আলাউদ্দিন শাহরিয়ার, দৈনিক সমকালের প্রতিনিধি উজ্বল তংচঙ্গ্যা, দেশ টিভির প্রতিনিধি আবুল বশর নয়ন, মাছরাঙা টিভির প্রতিনিধি কৌশিক দাশ।
মানববন্ধন কর্মসূচী বক্তারা বলেন, ডিজিটাল নিরাপত্তা আইন বাতিলের দাবি জানাচ্ছি। এই কালো আইন সাংবাদিকতার স্বাধীনতা পরিপন্থী। প্রতিদিনই দেশের কোথাও না কোথাও সাংবাদিকদের বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা করা হচ্ছে। পত্রিকায় প্রকাশিত একটি প্রতিবেদনকে কেন্দ্র করে বিনা পরোয়ানায় গুমের উদ্দেশ্যে মধ্যরাতে প্রথম আলোর নিজস্ব প্রতিবেদক শামসুজ্জামান শামসকে তুলে নেওয়া হয়। ১৯ ঘণ্টা পর মধ্যরাতে তাঁর বিরুদ্ধে মামলা করা হয়। ৩০ঘণ্টা পর বৃহস্পতিবার তাঁকে আদালতে তোলা হয় এবং রমনা থানায় ডিজিটাল নিরাপত্তা আইনে করা একটি মামলায় তাঁকে কারাগারে পাঠানো হয়।
