শনিবার সকালে ঝড়বৃষ্টি নামে খাগড়াছড়ির দীঘিনালা উপজেলার কিছু অংশে। এর মধ্যে মাত্র কয়েক সেকেন্ডের ঝড়ো হাওয়ায় বেশ কিছু ঘর লন্ডভন্ড করে দিয়েছে উপজেলার শুধুমাত্র মেরুং ইউনিয়নের রসিকনগর এলাকায়। এর বাহিরে অনেকেই সকালের ঝড়ো হাওয়া টেরই পাননি; এবং ক্ষয়ক্ষতির খবরও পাওয়া যায়নি।
সরেজমিনে দেখা যায়, উত্তর রসিক নগর এলাকায় একটি মক্তব ঘর পাকা সড়কের পূর্বপাশ থেকে সম্পূর্ন তোলে নিয়ে ফেলে রেখেছে সড়কের পশ্চিম পাশের ধানক্ষেতে।
পার্শ্ববর্তী সফিকুল (৩৫) জানান, সকাল সাড়ে ৯টার দিকে বৃষ্টি শুরু হয়। কিছুক্ষণের মধ্যেই যোগ হয় ঝড়ো বাতাস। হঠাৎ করে বাতাসের তীব্রতা বেড়ে যায়। সর্বোচ্চ ২০ সেকেন্ডের বাতাসে অনেক ঘর লন্ড ভন্ড করে দিয়েছে।
এর পাশেই সিরাজ মিয়ার ঘরের টিনের চালা উড়ে গিয়ে ঝুলছে গাছের উপর। রসিক নগর শিরু মিয়ার টিলা এলাকাতেও লন্ডভন্ড হয়েছে বেশ কিছু ঘরবাড়ি। রসিক নগর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পুরাতন টিনশেড ঘরের চালার একাংশ উড়ে গেছে।
মেরুং ইউনিয়ন পরিষদ সদস্য ঘনশ্যাম ত্রিপুরা জানান, ‘ঝড়ো হাওয়ার পর সরেজমিনে দেখে ক্ষতিগ্রস্তদের খসরা তালিকা করেছেন। ৫০টির মতো ঘর ক্ষতিগ্রস্ত হয়েছে, এর বাহিরে রয়েছে আংশিক ক্ষতিগ্রস্তরা, ভেঙেছে অনেক গাছপালা।’
