খাগড়াছড়ির দীঘিনালার নয়মাইল ত্রিপুরা পাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ভবনটি জরাজীর্ণ হয়ে পরেছে। ঝূঁকিপূর্ণ অবস্থাতেই চলছে শিক্ষার্থীদের পাঠদান। ২০ বছর আগে ভবনটি নির্মাণের পর এখনো এটিতে সংস্কারও হয়নি বলে দাবি করেছেন বিদ্যালয় কর্তৃপক্ষ।
সরেজমিনে গিয়ে দেখা গেছে, বিদ্যালয় ভবনটির ছাদের পলেস্তারা খসে গেছে। বৃষ্টি হলেই পানি গড়িয়ে পড়ে। দেয়াল ও ফ্লোরেরও একই অবস্থা।
৫ম শ্রেণির উত্তরা ত্রিপুরা জানায়, ক্লাসে বসে সবসময় আতংকে থাকে; কখন যেন ওপর থেকে পলেস্তারা খসে মাথায় পরবে। একই আতংকের কথা জানায় ৪র্থ শ্রেণির উৎস ত্রিপুরা ও ২য় শ্রেণির মাধব ত্রিপুরা।
বিদ্যালয়টির প্রধান শিক্ষক সূর্য্যশ্বর ত্রিপুরা জানান, ১৯৯৬-৯৭ অর্থ বছরে ভবনটি নির্মিত হয়। এর পর একবারও এটি সংস্কার করা হয়নি। যার কারণে এটির অবস্থা বেশি খারাপ হয়েছে। সূর্য্যশ্বর আরো জানান, ভবনের অবস্থা সংশ্লিষ্ট বিভাগকে জানানো হয়েছে এবং উপজেলা পরিষদ চেয়ারম্যানসহ স্থানীয় কর্মকর্তাগণকে বিদ্যালয়ে এনে ভবনটি দেখানো হয়েছে।
উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মো. মিনহাজ উদ্দিন জানান, ভবনের অবস্থার বর্ণনা দিয়ে বিষয়টি সংশ্লিষ্ট উর্ধতন বিভাগকে অবহিত করা হয়েছে; এখন উর্ধ্বতন বিভাগের বরাদ্দ হওয়ার অপেক্ষা।
