রাঙামাটির জুরাছড়ি উপজেলার বনযোগীছড়া ইউনিয়ন পরিষদের এক সদস্যকে গুলি করে হত্যা খবর পাওয়া গেছে। জুরাছড়ি উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. মাহফুজুর রহমান মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।
নিহত ইউপি সদস্য হেমন্ত চাকমা ২ নং বনযোগিছড়া ইউপির সদস্য বলে জানা গেছে। তাৎক্ষনিকভাবে কে বা কারা তাকে হত্যা করেছে এবং হত্যার ঘটনাস্থল নিশ্চিত করা যায়নি। তবে জুরাছড়ি উপজেলা পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতির নিয়ন্ত্রিত এলাকা হিসেবেই পরিচিত।
বনযোগীছড়া ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান সন্তোষ কুমার চাকমা জানিয়েছেন, ‘কে বা কারা গুলি করে আমার ইউনিয়ন পরিষদ সদস্য হেমন্ত চাকমাকে গুলি করে হত্যা করেছে। শুক্রবার রাত দশটার দিকে নিহতের খবর শুনলাম। আমি ঘটনাস্থলের দিকে রওনা দিয়েছি। পরে বিস্তারিত জানানো যাবে।’
জুরাছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহমুুদুল হাই জানিয়েছেন, ‘আমরা গুলি করে এক ইউপি সদস্যকে হত্যার খবর শুনেছি। ঘটনাস্থলের দিকে যাচ্ছি। যতক্ষণ লাশ দেখব না ততক্ষণ নিশ্চিত করে কিছু বলতে পারছি না।’
