পানছড়ি প্রতিনিধি ॥
খাগড়াছড়ির পানছড়িতে পারিবারিক কলহের জেরে আপন বড় ভাই রবিউল ইসলাম-কে (৪৫), তার অপর দুই ভাই মো. আমানুল্লাহ ও খলিলুর রহমান এবং ভাতিজা আক্কাস ও আব্বাস কুপিয়ে আহত করেছে বলে অভিযোগ উঠেছে। বৃহস্পতিবার বিকাল সাড়ে তিনটার দিকে এই ঘটনা ঘটে। রবিউল ইসলাম, পানছড়ির ৩নং সদর ইউনিয়নের নিকাহ ও তালাক রেজিস্ট্রার (কাজী) এবং পানছড়ি বাজার উচ্চ বিদ্যালয়ের অফিস সহকারী।
আত্মীয়স্বজনরা জানান, বৃহস্পতিবার বিকেলে নিজ গ্রাম কলাবাগানে পারিবারিক জায়গাজমি সংক্রান্ত বিষয় নিয়ে বাকবিতন্ডায় জড়ায় তারা। এক পর্যায়ে ছোট দুই ভাই আমানুল্লাহ ও খলিলুর রহমান এবং ভাতিজা আক্কাস ও আব্বাস চারজন মিলে রবিউল ইসলামকে কুপিয়ে জখম করে। স্থানীয়রা পরে রবিউল ইসলামকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়।
রবিউল ইসলাম বলেন, পারিবারিক জায়গাজমি সংক্রান্ত কারণে তার দুই ভাই আমানুল্লহ ও খলিলুর রহমান এবং ভাতিজা আক্কাস ও আব্বাস দা নিয়ে আক্রমণ করে। মাথায় কোপ দেয়। পিঠেসহ বিভিন্ন স্থানে তারা আঘাত করে।
এই ঘটনার খবর পেয়ে থানা পুলিশ পানছড়ি স্বাস্থ্য কমপ্লেক্সে যায়। আহত রবিউল ও তার পরিবারের আত্মীয়স্বজনসহ অন্যান্যদের সাথে কথা বলেন পানছড়ি থানার ওসি (তদন্ত) কামরুজ্জামান। পারিবারিক কলহের জেরে ছোট ভাই ও ভাতিজারা মিলে সাড়ে তিনটার দিকে এই ঘটনা ঘটায় বলে পুলিশকে জানান রবিউল ইসলাম।
