রাঙামাটি পৌরসভার ওয়ার্ড কাউন্সিলর ও প্যানেল মেয়র জামাল উদ্দিনের উদ্যোগে বুধবার পার্বত্য শহর রাঙামাটিতে অনুষ্ঠিত হয়েছে চক্ষুচিকিৎসা ক্যাম্প। সকালে শহরের কাঠালতলী সরকারি প্রাথমিক বিদ্যালয়ে শহরে সম্প্রতি পথচলা শুরু করা জবলে নূর চক্ষু চিকিৎসালয়ের সহযোগিতায় ক্যাম্পে এই চিকিৎসাসেবা দেওয়া হয়
দিনব্যাপি এই ক্যাম্পেইনে তিন শতাধিক সাধারণ মানুষকে প্রাথমিক চক্ষু চিকিৎসা প্রদান করা হয় এবং যাদের চোখের অবস্থা জটিল এবং অপারেশনযোগ্য তাদের উন্নত চিকিৎসার ব্যবস্থাপত্র ও পরামর্শ দেয়া হয়। ডাঃ শেখ মুরাদ হোসেন পুরো কার্যক্রমটি তদারকি করেন।
ক্যাম্প উদ্বোধনকালে পৌর মেয়র আকবর হোসেন চৌধুরী বলেন- এই ধরনের চক্ষু শিবির আয়োজনের ফলে পৌর এলাকার নিম্ন আয়ের মানুষ প্রাথমিক চিকিৎসা পাচ্ছে। এসব ভালো উদ্যোগগুলো সর্বত্র ছড়িয়ে দিতে হবে।’
এই সময় আরো উপস্থিত ছিলেন কাউন্সিলর জামাল উদ্দিন, কাউন্সিলর জুবাইতুন নুর, কাঠালতলি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক বদিউল আলমসহ স্থানীয় মুরুব্বিরা ।
কর্মসূচী সফলভাবে শেষ করতে পারায় সবার প্রতি কৃতজ্ঞতা জানিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে দেয়া এক স্ট্যাটাসে জামাল লিখেছেন-‘ “আলহামদুলিল্লাহ,৩৩১জন চক্ষু রোগী আজকে সেবা নিয়েছেন। সফল ও সুন্দর পরিবেশে বিনামূল্যে চক্ষু সেবা ক্যাম্প ও বিনামূল্যে ওষুধ বিতরণ শেষ করলাম। আমার ব্যক্তিগত উদ্যোগে ও জবল-ই-নুর চক্ষু চিকিৎসালয় এর সহযোগিতায় বিনামূল্যেও এই চক্ষু চিকিৎসা ক্যাম্প । ধন্যবাদ জানাই আমার প্রিয় ছোট ভাইদেরকে, যারা আমাকে সার্বিকভাবে আজকের কর্মসূচী সফল করার জন্য সহযোগিতা করেছেন।’
