আগামী ১৭ মার্চ জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মবার্ষিকী। ১৯২০ সালের এদিনে মহান এই নেতা টুঙ্গিপাড়ায় জন্মগ্রহণ করেন। পরবর্তী জীবনে তাঁর বলিষ্ঠ নেতৃত্বে পরাধীনতার শৃঙ্খল থেকে মুক্ত হয়ে বাংলাদেশ স্বাধীনতা লাভ করে। স্বাধীনতার প্রাণপুরুষ এই নেতার ১৭ মার্চ জন্মবার্ষিকী উদযাপনের পাশাপাশি রাষ্ট্রীয়ভাবে এদিন ‘শিশু দিবস’ পালন করা হয়।
এদিকে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৯৯তম জন্মদিন ও জাতীয় শিশু দিবস উপলক্ষে প্রতি বছরের ন্যায় এবছরও বঙ্গবন্ধু শিশু-কিশোর মেলা রাঙামাটি জেলা শাখার উদ্যোগে তিন দিনব্যাপী নানান অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। যা আগামী ১৫ মার্চ শুরু হয়ে ১৭ মার্চ শেষ হবে।
আয়োজকরা জানায়, শিশু-কিশোরদের নিয়ে ১৫ ও ১৬ মার্চ দু’দিনব্যাপী সাংস্কৃতিক প্রতিযোগিতা, ১৭ মার্চ আনন্দ র্যালি, আলোচনা সভা, পুরস্কার বিতরণী ও সাংস্কৃতিক অনুষ্ঠান উদযাপন করা হবে। ১৫ মার্চ বৃহস্পতিবার সকাল দশটায় শিশু-কিশোরদের নিয়ে সাংস্কৃতিক প্রতিযোগিতার উদ্বোধন করা হবে। রাঙামাটি জেলা শিল্পকলা একাডেমিতে আয়োজিত উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি থাকবেন রাঙামাটি জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ও বঙ্গবন্ধু শিশু-কিশোর মেলা রাঙামাটি জেলা শাখার প্রধান পৃষ্ঠপোষক হাজী মো: মুছা মাতব্বর।
সাংস্কৃতিক প্রতিযোগিতার ২য় দিন ১৬ মার্চ সকাল ১০টায় রাঙামাটি জেলা শিল্পকলা একাডেমিতে সাংস্কৃতিক অনুষ্ঠানের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি থাকবেন সংরক্ষিত মহিলা আসনের সংসদ সদস্য ও বঙ্গবন্ধু শিশু-কিশোর মেলা রাঙামাটি জেলা শাখার উপদেষ্টা ফিরোজা বেগম চিনু।
১৭মার্চ বঙ্গবন্ধুর জন্মদিন ও জাতীয় শিশু দিবসে বিকাল ৪টায় রাঙামাটি কলেজ প্রাঙ্গণ হতে আনন্দ শোভাযাত্রা অনুষ্ঠিত হবে। শোভাযাত্রাটি কলেজ প্রাঙ্গণ থেকে শুরু হয়ে প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে বিকাল সাড়ে ৪টায় বঙ্গবন্ধুর ভাস্কর্যে গিয়ে শেষ হবে। এসময় বঙ্গবন্ধুর ভাস্কর্যে পুষ্পমাল্য অর্পণ শেষে ভাস্কর্য সংলগ্ন মুক্তিযুদ্ধ স্মৃতিস্তম্ভে আলোচনা সভা, পুরস্কার বিতরণী ও সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশন করা হবে। এতে প্রধান অতিথি থাকবেন সাবেক পার্বত্য প্রতিমন্ত্রী, কেন্দ্রীয় আওয়ামীলীগের সদস্য রাঙামাটি জেলা আওয়ামীলীগ সভাপতি ও বঙ্গবন্ধু শিশু-কিশোর মেলা রাঙামাটি জেলা শাখার প্রধান উপদেষ্টা জননেতা দীপংকর তালুকদার।
বঙ্গবন্ধু শিশু কিশোর মেলা রাঙামাটি জেলা শাখার সভাপতি মনসুর আহম্মেদ মান্না বলেন, গত দেড় দশক ধরে বঙ্গবন্ধুর জন্মবার্ষিকীতে সংগঠনের উদ্যোগে নানান কর্মসূচি পালন করে আসছি। এবারও আমরা তিন দিনব্যাপী নানান অনুষ্ঠানের আয়োজন করেছি। আশা করছি এতে সকল শিক্ষার্থী ও অভিভাবকগণ অংশগ্রহণের মাধ্যমে সন্তানদের মধ্যে বঙ্গবন্ধুর আদর্শ ছড়িয়ে দিতে পারবো।
বঙ্গবন্ধু শিশু কিশোর মেলা রাঙামাটি জেলা শাখার সাধারণ সম্পাদক শাহ এমরান রোকন বলেন, হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৯৯তম জন্মদিন ও জাতীয় শিশু-দিবস ২০১৮ পালন উপলক্ষে বঙ্গবন্ধু শিশু-কিশোর মেলা আয়োজিত ৩ দিনব্যাপী কর্মসূচিতে সুষ্ঠুভাবে সম্পন্নের জন্য সকলের সহযোগিতা কামনা করছি।