রাঙামাটি ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল এন্ড কলেজের জন্য নির্ধারিত জমি হস্তান্তর করা হয়েছে। সোমবার সকালে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে জমি হস্তান্তর করা হয়। এ সময় জেলা প্রশাসক একেএম মামুনুর রশীদ রাঙামাটি রিজিয়নের কমান্ডার বিগ্রেডিয়ার সৈয়দ মেহমুুদ রিয়াদ এর কাছে কলেজের জমি হস্তান্তর করেন। এতে আরও উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট নজরুল ইসলাম, অতিরিক্ত পুলিশ সুপার রনজিত কুমার পাল, বাংলাদেশ মৎস্য উন্নয়ন করপোরেশন রাঙামাটির (বিএফডিসি) ব্যবস্থাপক কমান্ডার আসাদুজ্জামান।
হস্তান্তরের সময় রাঙামাটি রিজিয়নের কমান্ডার বিগ্রেডিয়ার সৈয়দ মেহমুুদ রিয়াদ বলেন, ‘অনেক অপেক্ষার পর রাঙামাটি ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল এন্ড কলেজের জমি হস্তান্তর হচ্ছে, এটা একটি খুশির সংবাদ। এর আগেও এ ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল এন্ড কলেজ রাঙামাটিতে হওয়ার কথা থাকলেও তা বিভিন্ন জটিলতার কারণে খাগড়াছড়ি চলে যায়, পরের বার বান্দরবান চলে যায়। এবার আমরা সফল হয়েছি জমির কাজটুকু সম্পন্ন করতে।’
তিনি আরো বলেন, ‘পার্বত্য জেলার শিক্ষার সুবিধা ও মানোন্নয়নে এ ক্যান্টনমেন্ট পাবলিক বিশেষ ভূমিকা রাখবে। এছাড়া সেনাবাহিনী পরিচালিত লেকার্স পাবলিক স্কুল এন্ড কলেজ বর্তমানে রাঙামাটিতে শিক্ষার ক্ষেত্রে সফলতার সাথে কাজ করে যাচ্ছে। লেকার্সও থাকবে সাথে ক্যান্টনমেন্ট পাবলিক হলে পার্বত্য এই জেলার শিক্ষার ক্ষেত্রে আরো অগ্রসর হবে বলেও মন্তব্য করেন তিনি। এসময় ক্যান্টমেন্ট পাবলিকের কাজ অতিদ্রুত শুরু হবে বলেও আশা ব্যক্ত করেন বিগ্রেডিয়ার সৈয়দ মেহমুদ রিয়াদ।’
সভাপতিরে বক্তব্যে জেলা প্রশাসক একেএম মামুনুর রশিদ বলেন, ‘দীর্ঘদিন ধরে এ কাজ অসম্পন্ন অবস্থায় থেকে যায়। আমরা খুবই আন্তরিকতার সাথে চেষ্টা করেছি বলেই এই কাজ সম্পন্ন করা সম্ভব হয়েছে।’
উল্লেখ্য, রাঙামাটি শহরের শিমুলতলী-রূপনগর এলাকায় টিভি স্টেশনের পাশেই সাড়ে ১৩ একর জায়গা জুড়ে এই রাঙামাটি ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল এন্ড কলেজ প্রতিষ্ঠিত হচ্ছে।
