রাঙামাটি সদর উপজেলায় জমি দখলের অভিযোগে এক দম্পতিকে গ্রেফতার করেছে পুলিশ। মঙ্গলবার সকালে তাদেরকে গ্রেফতার করে কোতোয়ালি থানা পুলিশ। গ্রেফতাররা হলেন- রাঙামাটি সদর উপজেলার বালুখালী ইউনিয়নের সাপমারা পাহাড় পাড়ার বাসিন্দা আবু আলম (৬০) ও তার স্ত্রী আছিয়া বেগম (৫২)। এছাড়া ১৫ জুলাই তাদের ছেলে সোহেলকে গ্রেফতার করা হয়েছে বলে জানায় পুলিশ।
সূত্রে জানা গেছে, আবু আলম ও তার স্ত্রী আছিয়া বেগমসহ তাদের ছেলেদের বিরুদ্ধে কাপ্তাই হ্রদসহ বিভিন্ন জায়গা দখল, চাঁদাবাজি, বিভিন্ন জনের বাগান থেকে গাছ কেটে বিক্রিসহ বিভিন্ন অভিযোগে বেশ কয়েকটি মামলা দায়ের করা হয়। তাদেরকে অবিলম্বে গ্রেফতারের জন্য ১৬ জুলাই রাঙামাটি শহরে মানববন্ধন ও সংবাদ সম্মেলন করেছেন এলাকাবাসী। এর পাঁচ দিনের মাথায় অভিযুক্ত এ দম্পতিকে গ্রেফতার করল পুলিশ। এলাকায় আবু আলম-আছিয়া বাহিনী নামে পরিচিত তারা।
এ ব্যাপারে রাঙামাটি কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. কবির হোসেন বলেন, তাদের বিরুদ্ধে বিভিন্ন অভিযোগ রয়েছে। কেপকো আজিজ লিমিটেড নামে একটি কোম্পানির ব্যবস্থাপনা পরিচালক মো. জোবায়ের ইকবাল বাদী হয়ে কোম্পানির জায়গা দখল করার অভিযোগে থানায় মামলা দায়ের করেছেন। এ মামলায় আবু আলম ও তার স্ত্রী আছিয়া বেগমকে গ্রেফতার করে আদালতে চালান দেয়া হয়েছে। এর আগে সোহেল নামে আরেক আসামিকে গ্রেফতার করা হয়েছে। অন্য আসামিদের গ্রেফতারে পুলিশি তৎপরতা অব্যাহত রয়েছে। 
