সাইফুল হাসান
শ্রীশ্রী জগদ্ধাত্রী পূজা-২০২২ উপলক্ষে ষোড়শপ্রহরব্যাপী রাঙামাটি জগদ্ধাত্রী মাতৃমন্দিরে অনুষ্ঠিত হচ্ছে। পূজাকে কেন্দ্র করে শহরের হ্যাপির মোড় এলাকায় শুরু হচ্ছে মেলা অনুষ্ঠিত হচ্ছে। বুধবার রাত ০৮ টা ০১ মিনিটে অধিবাসের মধ্যে দিয়ে শুরু হবে এ জগদ্ধাত্রী পূজা।
পূজা আয়োজন কমিটির পক্ষ হতে জানা যায়, বৃহস্পতিবার ও শুক্রবার অহোরাত্র ষোড়শপ্রহরব্যাপী নামযজ্ঞ ও মহোৎসব এবং ঠাকুরের রাজভোগ ও অবিরাম মহাপ্রসাদ বিতরণ এবং অধিবাস কীর্ত্তন অনুষ্ঠিত হবে। শনিবার ঊষালগ্নে মহানামযজ্ঞের পূর্ণাহুতি ও নগরকীর্ত্তনের মধ্য দিয়ে এই পূজা শেষ হবে।
এদিকে পূজাকে কেন্দ্র করে শহরের ব্যস্ততম প্রধান সড়কের দুই পাড়ে নানান জিনিসপত্র নিয়ে পসরা সেজে বসেছে দোকানিরা। নানান রকমের মাটির জিনিসপত্র, নারী, পুরুষ ও বাচ্চাদের পোষাক, বিভিন্ন তৈজসপত্র, বাচ্চাদের খেলনা, নারীদের সাজসজ্জার জিনিসপত্র সহ নাগরদোলা ও মিঠাই-মুড়ির দোকান বসছে মেলায়।
মাটির জিনিসপত্রের দোকানি রহিম মিয়া বলেন, আমি বগুড়া থেকে এখানে মাটির বিভিন্ন জিনিসপত্র নিয়ে এসেছি। আমি গত ৮ বছর ধরে প্রতিবছরই আসি। এখনো দোকানের জিনিসপত্র সাজাচ্ছি। আশা করি প্রতিবারের মত এবারও ভালো বেচাবিক্রি হবে।
বাচ্চাদের খেলনা দোকানি ফরিদ বলেন, আমি মেলায় ঘুরে ঘুরে খেলনার দোকান দিই। রাঙামাটিতে প্রতিবারই আসি, বেচাবিক্রি ভালো হয়। আশাকরি এবারও হবে। কাল থেকে মূল মেলা শুরু তাই আজকে সব গুছাচ্ছি।
শ্রী শ্রী জগদ্ধাত্রী মাতৃমন্দিরের সভাপতি স্বপন মহাজন জানান, প্রতি বছরের ন্যায় আমাদের এবছরও খুব আনন্দঘন পরিবেশে পূজা উদযাপন হবে বলে আশা করছি। পূজা উপলক্ষে মেলা বসেছে শহরের প্রধান সড়কের দুই পাড়ে। মেলায় আনুমানিক শতাধিক দোকানী পসরা সাজিয়ে বসতে পারে বলে মনে হয়। প্রশাসনের সহযোগিতায় আইনশৃঙ্খলা ঠিক রেখে পূজা ও মেলা সুন্দরভাবে শেষ হবে বলে আশা রাখি।
