রাঙামাটি শহরের কাঠালতলি এলাকায় চারুশিল্পী রেজাউল করিম রেজার ব্যবহৃত মোটর সাইকেলটি পুড়িয়ে দিয়েছে দুর্বৃত্তরা।
রবিবার রাত আনুমানিক দশটার দিকে ব্যক্তিগত কাজ সেরে বাসায় প্রবেশ করেন রেজা। এসময় তিনি প্রতিরাতের মতোই মোটর সাইকেলটি বাসার সামনের গেটের ভেতরে রাখেন। গাড়ীটি বরাবরের মতোই লক করা ছিলো। রাত আনুমানিক সোয়া একটার দিকে হঠাৎ জানালা দিয়ে আগুণের ফুলকি দেখতে পেয়ে দ্রুত ঘর থেকে বের হন তিনি। এসময় তিনি দেখেন হিরো ব্র্যান্ডের তার প্রিয় মোটর সাইকেলটি আগুনে জ্বলছে। গাড়ীটির নাম্বার,রাঙামাটি-ল-১১০০৭৩।
চারুশিল্পী রেজাউল করিম রেজা আরো জানিয়েছেন, আমি সন্দেহ করছি আমাদের এলাকার চিহ্নিত মাদক ব্যবসায়ি ও ব্যবহারকারি সিন্ডিকেটটি এই কাজ করতে পারে। তারা প্রতিশোধমূলকভাবেই এই কাজটি করেছে বলে আমি মনে করছি,কারণ আমি দীর্ঘদিন মাদকের বিরুদ্ধে সোচ্চার ছিলাম। এই ব্যাপারে রাঙামাটির কোতয়ালি থানায় সাধারন ডায়রি করেছি এবং সন্দেহভাজন তিনজনের নাম পুলিশকে জানিয়েছি।
রাঙামাটির কোতয়ালি থানার অফিসার ইনচার্জ জাহিদ হোসেন রনি জানিয়েছেন, বিষয়টি আমরা খতিয়ে দেখছি,যে বা যারা জড়িত তাদের বিরুদ্ধে আইনানুগ পদক্ষেপ নেয়া হবে।
প্রসঙ্গত,রাঙামাটি আর্ট একাডেমির প্রতিষ্ঠাতা ও সাবেক ছাত্রনেতা রেজাউল করিম রেজা বর্তমানে রাঙামাটি পৌরসভার সহকারি কর পরিদর্শন হিসেবে কর্মরত আছেন।
