নজরুল ইসলাম লাভলু, কাপ্তাই
শত বছরের ইতিহাসের সাক্ষী তিনি। তাঁর দেখা, প্রত্যক্ষ হাজারো ঘটনা আজকের দিনে কেবলই ইতিহাস। বর্ণাঢ্য সেই শত বছরের জীবনের পাঠ চুকিয়ে অবশেষে চলে গেলেন এই প্রবীণ। তিনি হলেন রাঙামাটির কাপ্তাই উপজেলার চন্দ্রঘোনা কেপিএম এলাকার ১১০ বছর বয়সী আবুল হাসেম। বৃহস্পতিবার সন্ধ্যা প্রায় ৭টায় বার্ধক্যজনিত কারণে কেপিএম এলাকার ব্রিকফিল্ডস্থ তাঁর নিজ বাসায় তিনি ইন্তেকাল করেন (ইন্নালিল্লাহে ওয়া ইন্না এলাহী রাজিউন)।
মৃত্যুকালে তিনি ৩ পুত্র, ৩ কন্যাসহ অসংখ্য আত্মীয়স্বজন রেখে গেছেন। তাঁর ছোট ছেলে আলী জানান, আমার পিতার বয়স আনুমানিক ১১০ বছর হয়েছে।
এদিকে কেপিএম এলাকার সবচেয়ে বয়স্ক ব্যক্তির মৃত্যুতে এলাকাবাসী ও স্থানীয় বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক সংগঠনসহ বিভিন্ন মহল শোক জানিয়েছে। বৃহস্পতিবার রাত সাড়ে ১০টায় কেপিএম কেন্দ্রীয় জামে মসজিদে তাঁর নামাযে জানাযা অনুষ্ঠিত হয় এবং জানাযা শেষে তাকে কেপিএম কবরস্থানে দাফন করা হয়েছে।
এ বিষয়ে চন্দ্রঘোনা ইউনিয়ন পরিষদ (ইউপি) চেয়ারম্যান আনোয়ারুল ইসলাম চৌধুরী বেবী জানান, অত্র এলাকার সবচেয়ে প্রবীণ ব্যক্তি আবুল হাসেম চন্দ্রঘোনার অনেক ইতিহাসের সাক্ষী। তাঁর মৃত্যুতে এলাকাবাসী একজন প্রবীণ ও জ্ঞানী মানুষ হারিয়েছে।
