নিজস্ব প্রতিবেদক ॥
কাপ্তাই বাঁধ ও জলবিদ্যুৎ কেন্দ্রের প্রতিষ্ঠাকালীন প্রধান প্রকৌশলী এ কে এম শামসুদ্দীনের স্ত্রী মেহবুবা শামসুদ্দীন (৮৫) ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহে ওয়া ইন্না ইলাইহে রাজেউন)। বৃহস্পতিবার রাত ২.২০ মিনিটে তিনি বগুড়া শহরের গোকুল গ্রামে স্বামীর পৈতৃক বাড়িতে শেষ নিঃশ^াস ত্যাগ করেন। শুক্রবার মাগরিবের পর নামাজে জানাজা শেষে পারিবারিক করবস্থানে তাঁকে দাফন করা হয়।
শহীদ প্রকৌশলী শামসুদ্দীন ১৯৫২ সালে কাপ্তাই বাঁধ ও জলবিদ্যুৎ কেন্দ্রের কাজ শুরু হলে তিনি প্রতিষ্ঠাকালীন প্রধান প্রকৌশলী হিসেবে দায়িত্ব পালন করেন। তাঁর নেতৃত্বেই কাপ্তাই বাঁধের কাজ সম্পন্ন হয় এবং জলবিদ্যুৎ কেন্দ্র চালু হয়। ১৯৫৫ সালে শামসুদ্দীন চট্টগ্রাম সিটি কলেজের ডিগ্রি পড়–য়া ছাত্রী মেহবুবার সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হন। দাম্পত্য জীবনে তাঁদের দুই মেয়ে ও এক ছেলে। ১৯৭১ সালের ১৫ এপ্রিল প্রকৌশলী শামসুদ্দীনকে পাকিস্তানি হায়েনারা গুলি করে শহীদ করে। তাঁকে কাপ্তাই বাঁেধর পাশেই; যেখানে গুলি করে হত্যা করা হয় সেখানেই দাফন করা হয়। শহীদ শামসুদ্দীনের স্ত্রী মেহবুবা শামসুদ্দীন স্বামীর মৃত্যুর পর সন্তানদের নিয়ে ঢাকায় পিত্রালয়ে ফিরে যান। তিনি আন্তর্জাতিক রোগ গবেষণা ইনস্টিটিউটে চাকরিতে যোগদান করেন। নব্বইয়ের দশকে দুই মেয়ের সাথে পাড়ি জমান আমেরিকায়। ২০২০ সালে দেশে ফিরে আসেন মেহবুবা শামসুদ্দীন। এরপর স্বামীর পৈতৃক বাড়ি বগুড়ার গোকুল গ্রামে জীবনের শেষ সময় পর্যন্ত কাটান।
