নিজস্ব প্রতিবেদক
রাঙামাটির লংগদু ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান কুলিনমিত্র চাকমা আদু আর নেই। মঙ্গলবার বিকালে রাজধানী ঢাকায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিলো ৫৫ বছর। তিনি দীর্ঘদিন ধরে থ্যালাসেমিয়াসহ বিভিন্ন রোগে ভুগছিলেন।
তার কনিষ্ঠ বোন শর্মিতা চাকমা মতি জানিয়েছেন, মঙ্গলবার হঠাৎ বেশি অসুস্থতা বোধ করায় দাদাকে হেলিকপ্টারে করে ঢাকায় নিয়ে যাওয়া হয়। সেখানেই তিনি শেষ নি:শ্বাস ত্যাগ করেন।
প্রয়াত আদু রাঙামাটির লংগদু উপজেলার বিশিষ্ট সমাজসেবক,হেডম্যান,সাবেক উপজেলা চেয়ারম্যান অনিল বিহারী চাকমার পুত্র। কুলিনমিত্র চাকমা আদু নিজেও ৩ নং লংগদু মৌজার হেডম্যান এবং টানা দুইবার লংগদু সদর ইউনিয়নের চেয়ারম্যান নির্বাচিত হয়ে দায়িত্ব পালন করছিলেন। তিনি লংগদু উপজেলা আওয়ামীলীগের সহসভাপতিও ছিলেন।
ব্যক্তিগতজীবনে ভীষণরকম বিনয়ী,দুই সন্তানের জনক এই জনপ্রতিনিধির মৃত্যুতে গভীর শোক ও সমবেদনা জানিয়েছে লংগদু উপজেলা আওয়ামীলীগের সভাপতি মোঃ সেলিম ও সাধারন সম্পাদক বাবুল দাশ বাবু ।
