রাঙামাটি শহরের প্রবীন নাগরিক ও জাতীয়তাবাদী যুবদলের রাঙামাটি জেলা কমিটির সিনিয়র যুগ্ম সম্পাদক মোঃ নাজিমউদ্দিন এর পিতা আবুল হাশেম বার্ধক্যজনিত রোগে ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহে…. রাজেউন)। মৃত্যুকালে তার বয়স হয়েছিলো ৮০ বছর। তিনি দুই পুত্র ও দুই কণ্যা সন্তান,নাতি নাতনীসহ অসংখ্য স্বজন রেখে গেছেন। কর্মজীবনে রাঙামাটি সদর হাসপাতালে দীর্ঘদিন ফার্মাসিস্ট হিসেবে দায়িত্ব পালন করা আবুল হাশেম রাঙামাটি শহরে দীর্ঘকাল ধরে বসবাস করে আসায় বেশ চেনা মুখ ছিলেন সবার কাছেই।
মরহুমের পুত্র নাজিমউদ্দিন জানিয়েছেন,বুধবার ভোরে হঠাৎ শারীরিক অসুস্থতা বোধ করায় তাকে রাঙামাটি সদর হাসপাতালে নিয়ে আসি। সেখানে প্রাথমিক চিকিৎসাসেবা দিয়ে ভর্তি করা হয়। এরপর দুপুর বারোটার দিকে শেষ নি:শ্বাস ত্যাগ করেন তিনি।
আবুল হাশেম এর মৃত্যুতে গভীর শোক ও সমবেদনা জানিয়েছেন বিএনপির মহাসচিব মীর্জা ফখরুল ইসলাম আলমগীর,রাঙামাটি জেলা বিএনপির সভাপতি হাজী মোঃ শাহ আলম,সাধারন সম্পাদক দীপন তালুকদার, সাবেক পৌর মেয়র সাইফুল ইসলাম ভূট্টো, রাঙামাটি জেলা যুবদল সভাপতি সাইফুল ইসলাম শাকিল,জেলা ছাত্রদল সভাপতি ফারুক আহমেদ সাব্বির,কলেজ ছাত্রদল নেতা অলি আহাদ, জেলা জাসাস’র সাধারন সম্পাদক কামাল হোসেন,পৌর বিএনপি,সদর থানা বিএনপি,শ্রমিকদল,স্বেচ্ছাসেবক দল,মহিলা দলসহ বিভিন্ন সামাজিক ও রাজনৈতিক সংগঠন।
বিএনপি’র মহাসচিব মীর্জা ফখরুল ইসলাম আলমগীর এক শোক বার্তায় মরহুমের বিদেহী আত্মার মাগফেরাত কামনা করে শোকাহত পরিবারের সদস্য ও স্বজনদের প্রতি গভীর সমবেদনা জানিয়ে বলেছেন, ‘পরোপকারি ও ধর্মপ্রাণ মানুষ হিসেবে মরহুম আবুল হাসেম অত্যন্ত শ্রদ্ধাভাজন ছিলেন।’
এদিকে বুধবার রাত নয়টায় রাঙামাটি শহরের কেন্দ্রীয় জানাজা মাঠে জানাজা শেষে কেন্দ্রীয় কবরস্থানে দাফন করা হয় মরহুম আবুল হাশেমকে। বিপুল সংখ্যক বিভিন্ন শ্রেণী পেশার মানুষ সামাজিক দুরত্ব মেনে জানাজায় অংশগ্রহণ করে মরহুমের আত্মার মাগফেরাত কামনা করেছেন।
