শিক্ষা খাতে ‘প্রতিশ্রুত’ বাজেটের বাস্তবায়ন ও গ্যাসের দাম বৃদ্ধির প্রতিবাদে রাঙামাটিতে মানববন্ধন করেছে জেলা ছাত্র ইউনিয়ন। শুক্রবার বিকেলে রাঙামাটি জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে এ মানববন্ধন কর্মসূচি অনুষ্ঠিত হয়।
মানববন্ধনে রাঙামাটি জেলা ছাত্র ইউনিয়নের সভাপতি অভিজিৎ বড়ুয়ার সভাপতিত্বে বক্তব্য রাখেন, ছাত্র ইউনিয়নের সাবেক কেন্দ্রীয় সদস্য অটল ভৌমিক, জেলা ছাত্র ইউনিয়নের সাধারণ সম্পাদক মিশু দে প্রমুখ। মানববন্ধনে সংহতি জানিয়ে বক্তব্য দেন, জেলা সমাজতান্ত্রিক ছাত্রফ্রন্টের সদস্য সুনীল কান্তি তঞ্চঙ্গ্যা।
এসময় বক্তারা বলেন, ‘রাষ্ট্র আজ নিরাপত্তাহীনতায় ভূগছে। আজ দিনের বেলায় প্রকাশ্যে মানুষকে কুপিয়ে হত্যা করা হচ্ছে। ধর্ষণের ঘটনা আরও ব্যাপক হারে বৃদ্ধি পাচ্ছে। এর পিছনে একটাই দায়, তা হলো বিচারহীনতা। এই বিচারহীনতার সংস্কৃতি আমাদের দূর করতে হবে। মানুষের চলাফেরার নিরাপত্তা ও স্বাভাবিক মৃত্যুর গ্যারান্টি রাষ্ট্রকেই নিশ্চিত করতে হবে।’
বক্তারা আরও বলেন, ‘প্রধানমন্ত্রী বিভিন্ন সময়ে শিক্ষাখাতে বাজেটে যে পরিমাণ বরাদ্দের প্রতিশ্রুতি দিয়েছেন, কিন্তু এবারের বাজেটে তা উপেক্ষিত করা হয়েছে। সাধারণত আমাদের দেশে যে দলই ক্ষমতায় আসে, এর আগে তারা বিভিন্ন প্রতিশ্রুতি দেয়। কিন্তু ক্ষমতায় আসীন হওয়ার পর তারা সবাই এসব প্রতিশ্রুতির কথা ভুলে যান। আজ অযৌক্তিকভাবে গ্যাসের মূল্যবৃদ্ধি করা হয়েছে। আমরা এর তীব্র প্রতিবাদ জানাই।’
মানববন্ধন কর্মসূচি থেকে বক্তারা আগামী ৭ জুলাই বাম গণতান্ত্রিক জোটের ডাকে আধাবেলা হরতাল কর্মসূচি সফল করতে সাধারণ মানুষের প্রতি আহ্বান জানান।

