লংগদু প্রতিনিধি
রাঙামাটির লংগদু উপজেলার গুলশাখালী ইউনিয়নে বাবুল মিয়া (৪৫) নামে একজনের রক্তাক্ত মৃতদেহ উদ্ধার করেছে পুলিশ। বৃহস্পতিবার সকালে গুলশাখালী ইউনিয়নের রাজাপাড়া এলাকা থেকে মৃতদেহটি উদ্ধার করা হয়।
নিহত বাবুল মিয়া গুলশাখালী ইউপির ৯নং ওয়ার্ডের রহমতপুর এলাকার মৃত তৈয়ব আলীর ছেলে। নিহত বাবুলের স্ত্রী ও তিন সন্তান রয়েছে বলে জানা যায়। তবে ঘটনার দিন স্ত্রী ও সন্তানরা ঢাকায় ছিল বলে স্বজনরা জানায়।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, সকালে শিশুরা তেমাথা রাস্তার রাজাপাড়া এলাকায় একজনকে মাটিতে মৃত পরে থাকা অবস্থায় দেখতে পায়। পরে স্থানীয়রা পুলিশকে খবর দিলে পুলিশ এসে লাশ উদ্ধার করে থানায় নিয়ে যায়। লাশের মাথায় ধারালো অস্ত্রের আঘাত রয়েছে বলে জানা যায়।
নিহত বাবুল মিয়ার বোন জামাই ফুল মিয়া জানান, বুধবার আমার চা দোকানে বিশ্বকাপ ফুটবলের স্পেন আর কোস্টারিকার খেলা দেখে রাত ১২ টার দিকে বাবুল ভাই বাড়িতে চলে যায়। এরপর আর যোগাযোগ হয়নি। সকালে শুনি বাড়ির কাছে রাস্তায় বাবুলের রক্তাক্ত লাশ পড়ে আছে।
জানতে চাইলে গুলশাখালী ইউনিয়নের চেয়ারম্যান শফিকুল ইসলাম বলেন, ঘটনাটি সত্য। তবে বাবুলকে কে বা কারা আঘাত করেছে তা এখনো জানা যায়নি। ঘটনার সাথে জড়িত সন্দেহে একজনকে আটক করেছে পুলিশ।
এ বিষয়ে লংগদু থানার অফিসার ইনচার্জ (ওসি) ইকবাল উদ্দিন বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহটি উদ্ধার করে। পরে মৃতদেহের পোস্ট মর্টেমের জন্য রাঙামাটি জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে। ঘটনার সাথে জড়িত সন্দেহে একজনকে আটক করেছি আমরা। প্রাথমিকভাবে তদন্ত চলছে, তদন্তের পর বিস্তারিত জানানো যাবে।
