খাগড়াছড়ি জেলার গুইমারা উপজেলার সিন্দুকছড়ির দুর্গম তৈকর্মা পাড়া এলাকায় ধান ক্ষেত থেকে গুইমারা ইউনিয়ন ছাত্রদলের সহ-সভাপতি রবিউল আওয়ালের লাশ উদ্বার হয়েছে। মঙ্গলবার দুপরে পাহাড়ের নিচে ধান ক্ষেত থেকে থেকে দু’হাত পিছমোড়া বাঁধা অবস্থায় তার লাশ উদ্বার হয়। সে গুইমারা উপজেলার হাজিপাড়া গ্রামের আব্দুল মান্নানের ছেলে।
গুইমারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা যোবাইরুল হক জানান, স্থানীয় লোকজন তৈকর্মা পাড়া এলাকায় রাস্তার পাশে একটি মোটরসাইকেল পড়ে থাকতে দেখে খোঁজাখুঁজি করতে গিয়ে পাহাড়ের নিচে ধান ক্ষেতে একটি লাশ দেখতে পেয়ে পুলিশে খবর দেয়। লাশটি পিছমোড়া বাঁধা ও মাথায় আঘাতের চিহ্ন রয়েছে। লাশটি উদ্ধারের পর ময়নাতদন্তের জন্য খাগড়াছড়ি সদর হাসপাতালে পাঠানোর প্রস্তুতি চলছে।
আব্দুল মান্নান জানান, রবিউল ইসলাম সোমবার দুপুরে খাবার খেয়ে বাড়ি থেকে বেরিয়ে যাওয়ার পর নিখোঁজ ছিল।
খাগড়াছড়ি জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক ইব্রাহিম খলিল, এক বিবৃতি রবিউল আওয়ালকে গুইমারা ইউনিয়ন ছাত্রদলের সহ-সভাপতি দাবি করে নিন্দা, প্রতিবাদ ও হত্যাকারীদের চিহ্নিত করে আইনের আওতায় আনার দাবি জানিয়েছেন।
বাঙালী ছাত্র পরিষদের প্রতিবাদ
এদিকে রবিউল ইসলাম নিহত হওয়ায় পার্বত্য বাঙালী ছাত্র পরিষদ কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক ইঞ্জিনিয়ার ফরাজী শাহাদাত হোসেন সাকিব এক বিবৃতিতে তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে।
পার্বত্য নাগরিক পরিষদের বিবৃতি
এদিকে রবিউল ইসলাম নিহত হওয়ায় পার্বত্য নাগরিক পরিষদ কেন্দ্রীয় কমিটির দপ্তর সম্পাদক মো. খলিলুর রহমান এক বিবৃতিতে তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে। বিবৃতিতে নেতৃবৃন্দ হত্যাকারীকে দ্রুত গ্রেপ্তার পূর্বক কঠিন শাস্তির দাবি করেছেন।