নিজস্ব প্রতিবেদক,খাগড়াছড়ি
খাগড়াছড়ির গুইমারায় অংথুই মারমা ওরফে আগুন(৫০)নামে এক ব্যক্তিকে গুলি করে হত্যা করা হয়েছে।
শুক্রবার(০২ সেপ্টেম্বর) সকাল সাড়ে ১০টার দিকে গুইমারার দেওয়ান পাড়া এলাকায় এই ঘটনা ঘটে। নিহত ব্যক্তি ইউপিডিএফ প্রসিত গ্রুপের গুইমারা শাখার সম্পাদক বলে জানা গেছে। নিহত অংথই স্থানীয় কংহ্লাউ মারমার ছেলে।
জানা যায়, সকালে অংথই মারমা সাংগঠনিক কাজে যাচ্ছিলেন। এ সময় দেওয়ান পাড়া নামক স্থানে আগে থেকে ওঁৎ পেতে থাকা প্রতিপক্ষের সন্ত্রাসীরা তার ওপর সশস্ত্র হামলা চালায়। এতে ঘটনাস্থলে তার মৃত্যু হয়।
গুইমারা থানার ওসি মোহাম্মদ রশিদ ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, মরদেহ উদ্ধার করে খাগড়াছড়ি সদর হাসপাতালে ময়নাতদন্তের জন্য প্রেরণ করা হচ্ছে। আঞ্চলিক রাজনৈতিক কারণ এই হত্যাকান্ড ঘটে থাকতে পারে বলেও জানান তিনি।
এদিকে ইউনাইটেড পিপলস ডেমোক্রেটিক ফ্রন্ট(ইউপিডিএফ)-এর খাগড়াছড়ি জেলা সংগঠক অংগ্য মারমা গুইমারায় স্থানীয় সংগঠক অংথোই মারমা ওরফে আগুন (৫০)কে গুলি করে হত্যার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন।
শুক্রবার(০২ সেপ্টেম্বর) দুপুরে এক বিবৃতিতে তিনি এই নিন্দা জানান।
বিবৃতিতে তিনি বলেন, আজ সকাল ৯:৪৫টার দিকে অংথোই মারমা সাংগঠনিক কাজে যাবার পথে গুইমারার দেওয়ান পাড়া নামক স্থানে আগে থেকে ওঁৎ পেতে থাকা সন্ত্রাসীদের সশস্ত্র হামলার শিকার হন। এতে গুলিবিদ্ধ হয়ে ঘটনাস্থলেই তিনি মারা যান।
নিহত অংথোই মারমার পিতার নাম কংহ্লাউ মারমা। তাঁর বাড়ি উপজেলার যৌথখামারের বুদুংপাড়ায়।
বিবৃতিতে তিনি আরো বলেন, ভ্রাতৃঘাতি সংঘাত বন্ধে পক্ষে গণেজোয়ার সৃষ্টি হওয়ায় এ গণআন্দোলনকে ভেস্তে দিতে শাসকগোষ্ঠি ও তার বাহিনী ষড়যন্ত্র শুরু করেছে। যার কারণে তারা সন্ত্রাসী লেলিয়ে দিয়ে খুন-খারাবি করে সংঘাত উস্কে দেয়ার মরিয়া অপচেষ্টা চালাচ্ছে। তিনি সবাইকে শাসকগোষ্ঠির এই ষড়যন্ত্র সম্পর্কে সজাগ থাকার আহ্বান জানান।
বিবৃতিতে তিনি অবিলম্বে অংথোই মারমা (আগুন)-এর হত্যাকারী সন্ত্রাসীদের গ্রেফতারপুর্বক দৃষ্টান্তমূলক শাস্তি এবং সন্ত্রাসীদের সেনা মদদদান বন্ধ করার দাবি জানান।