সারাদেশে ও রাঙামাটিতে বিএনপির নেতাকর্মীদের নামে ‘গায়েবি মামলা’র প্রতিবাদে সমাবেশ করেছে জেলা যুবদলের নেতাকর্মীরা। সোমবার সকালে রাঙামাটি জেলা বিএনপির কাঠালতলীস্থ দলীয় কার্যালয়ের সামনে এ প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়। এ সময় অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
এতে জেলা যুবদলের ভারপ্রাপ্ত সভাপতি মো. নুরু নবীর সভাপতিত্বে বক্তব্য রাখেন জেলা বিএনপির সভাপতি মো. শাহ আলম, সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট সাইফুল ইসলাম পনির, যুগ্ম সম্পাদক অ্যাডভোকেট মামুনুর রশিদ মামুন, সদর উপজেলা যুবদলের সভাপতি আবুল কালাম, সাধারণ সম্পাদক মোহাম্মদ আলী স্বপন, নগর যুবদলের সভাপতি সিরাজুল ইসলাম মোস্তফা, সাধারণ সম্পাদক নুর মোহাম্মদ প্রমুখ। সমাবেশের সঞ্চালনা করেন জেলা যুবদলের সিনিয়র যুগ্ম সম্পাদক নাজিম উদ্দিন।
এসময় বক্তারা বলেন, ‘দেশে এখন নির্বাচনী হাওয়া বইছে। আমরা যেখানে উৎসব মুখর পরিবেশে নমিনেশন পেপার কেনার কথা; সেখানে গাছ তলায় দাড়িয়ে মিথ্যা মামলা প্রত্যাহারের দাবি জানাতে হচ্ছে। অপরদিকে অন্য দলের প্রার্থীরা জেলা পরিষদের অর্থ খরচ করে পুরো জেলায় নির্বাচনী প্রচারণা চালিয়ে যাচ্ছে।’
এসময় বক্তারা রাঙামাটি জেলা যুবদলের সভাপতি সাইফুল ইসলাম শাকিল, সাধারণ সম্পাদক আবু সাদাৎ মো. সায়েম ও সদর উপজেলা যুবদলের সাংগঠনিক সম্পাদক মো. রহিমসহ সারাদেশে বিএনপির নেতাকর্মীদের বিরুদ্ধে দায়েরকৃত ‘গায়েবি মামলা’র প্রতিবাদ জানান।
