নিজস্ব প্রতিবেদক
রাঙামাটিতে গরীব ও মেধাবী শিক্ষার্থীদের মাঝে শিক্ষাসামগ্রী বিতরণ করেছে কালেরকন্ঠ শুভসংঘ রাঙামাটি জেলা শাখা।
শুক্রবার বিকালে রাঙামাটি পৌরসভার ৯নং ওয়ার্ডের উলুছড়া গ্রামের ফদাং তাং শিশু সদনে এই শিক্ষাসামগ্রী বিতরণ করা হয়। শুভসংঘের সভাপতি মংচিউ মারমার সভাপতিত্ত্বে ও সা:সম্পাদক প্রিয়ম আইচ এর সঞ্চালনায় উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন গ্রাম প্রধান রবিধন চাকমা(কার্বারী), ছাবা বৌদ্ধ বিহারের আবাসিক ভিক্ষু ভেন শাসন রক্ষিত ভান্তে, শিশু সদনের শুভাকাঙ্খী দরপন চাকমা, শুভসংঘের সহ;সভাপতি বাবলু আহম্মেদ, সাংগঠনিক সম্পাদক আমেনা আক্তার,সাহিত্য বিষয়ক সম্পাদক অজয় সেন,তথ্য ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক সিপা আক্তার,সদস্য গৌরী চৌধুরী ও মোহাম্মদ আলী সুমন প্রমুখ।
এসময় আবাসিক ভিক্ষু শাসন রক্ষিত ভান্তে বলেন, শিশু সদন কমিটি ও ভান্তেদের নিজস্ব অর্থায়নে দীর্ঘ ১০বছর ধরে পরিচালিত হয়ে আসছে এই শিশু সদনটি। এইখানে কোনো সরকারী-বেসরকারীভাবে কেউ সাহায্য করতে আসে না। তাই তিনি সরকারী বেসরকারিসহ বিত্তবানদের এগিয়ে এসে সাহায্যের হাত বাড়িয়ে দিতে সকলের কাছে অনুরোধ জানান।
শুভসংঘের সভাপতি মংচিউ মারমা বলেন, আমার বাড়ির পাশে হওয়ার সুবাদে জানতে পারি যে এই শিশু সদনে দূর দূরান্ত থেকে আসা গরীব শিক্ষার্থীরা খুব কষ্ট করে এইখানে থেকে লেখাপড়া করছে। যাদের মা-বাবারা দিন এনে দুবেলা ঠিকমতো খেতেও পান্তা ফুড়িয়ে যায়। আবার এইখানে অনেকের মা-বাবা কেউ নাই। তাই এইসব গরীব শিক্ষার্থীদেরকে আমাদের পক্ষ থেকে এই সামান্য উপহার।
তিনি কমিটি,গ্রামের মানুষের একতা, ভান্তেদের নির্লস পরিশ্রম ও মহান উদ্যোগকে স্বাগত জানান এবং শিশু সদনের প্রতিষ্ঠাতা ছাবা বৌদ্ধ বিহারের অধ্যক্ষ শ্রীমৎ শুভদর্শী মহাথেরোকে ধন্যবাদ জানান এমন মহৎ কাজে এগিয়ে আসার জন্য।
পরিশেষে শিশু সদনের সকল শিক্ষার্থীকে বড় হয়ে শুভসংঘের বন্ধুদের মতো সামাজিক কার্যক্রমে অংশগ্রহণ করে সমাজের সেবা করার জন্য শপথ বাক্য পাঠ করান শুভসংঘের সভাপতি মংচিউ মারমা।
