শুভ্র মিশু ॥
করোনার প্রাদুর্ভাব বৃদ্ধি পাওয়ায় সংক্রমণ রোধে ১ এপ্রিল থেকে রাঙামাটিতে সকল গণপরিবহনে অর্ধেক যাত্রী পরিবহন করা হবে। যার ভাড়া এখনো নির্ধারিত হয়নি। বুধবার বিকালে রাঙামাটি জেলা প্রশাসক সম্মেলন কক্ষে জেলা প্রশাসক মোহাম্মদ মিজানুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত ‘কোভিড সংক্রমণে করণীয় নির্ধারণে’ আয়োজিত এক জরুরি সভায় এই সিদ্ধান্ত নেয়া হয়।
সভায় উপস্থিত অটোরিক্সা শ্রমিক ইউনিয়নের সভাপতি পরেশ মজুমদার ভাড়া কি পরিমাণে বাড়ানো হবে তা প্রশ্ন করলে জেলা প্রশাসক জানান, এই বিষয়ে সড়ক মন্ত্রণালয় থেকে আপনের আলাদা নির্দেশনা দিবে।
পরেশ মজুমদার দৈনিক পার্বত্য চট্টগ্রামকে জানান, আমরা ভাড়া বিষয়ে এখনো কোন সিদ্ধান্ত হয়নি। তবে প্রশাসনের নির্দেশনা অনুসারে প্রতি সিএনজিতে ২জন করেই আগের মত যাত্রী পরিবহন করা হবে।
রাঙামাটি বাস মালিক সমিতির সভাপতি শহীদুজ্জামান মহসিন রোমান জানান, বাসের ভাড়া বৃদ্ধির বিষয়ে আমরা এখনো নির্দেশনা পাইনি, নির্দেশনা পেলে সে অনুসারে ভাড়া নির্ধারণ করা হবে। আগামীকাল থেকে বাসে সরকারি নির্দেশনা অনুসারে অর্ধেক যাত্রী পরিবহন করা হবে।
রাঙামাটি লঞ্চমালিক সমিতির সভাপতি মঈনউদ্দিন সেলিম জানান, আমরা আগামীকাল থেকে অর্ধেক যাত্রী নিয়ে লঞ্চ চলাচল করবো তবে আপাতত ভাড়া বৃদ্ধি করা হচ্ছে না।
সভায় দুই সপ্তাহের জন্য অন্তর্বতীকালিন এই সিদ্ধান্ত কথা জানানো হলেও, পরিস্থিতি বিবেচনায় বাড়তে পারে বলেও আভাস দেয়া হয়।
সভায় সিভিল সার্জন ডা: বিপাশ খীসা, অতিরিত্ত পুলিশ সুপার তাপস রঞ্জন ঘোষ, পরিবহন মালিক শ্রমিক প্রতিনিধি, গণমাধ্যকর্মীরা উপস্থিত ছিলেন।
