করোনা পরিস্থিতির মধ্যেই রবিবার (১০ মে) থেকে সারাদেশে মার্কেট খোলার কথা থাকলেও রাঙামাটির বৃহত্তর বাণিজ্যিক কেন্দ্র বনরূপা ও রিজার্ভবাজারের সব মার্কেট ও দোকানপাট বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছেন দুই ব্যবসায়ী সমিতির নেতারা।
শনিবার দুপুরে বৃহত্তম বনরূপা ব্যবসায়ী কল্যান সমিতি কার্যালয়ে এক জরুরী সভা শেষে এ সিদ্ধান্তের কথা জানানো হয়। একই সিদ্ধান্তের কথা জানিয়েছে নিউ রাঙামাটি(রিজার্ভবাজার) ব্যবসায়ি কল্যাণ সমিতিও।
সভা শেষে প্রতিটি দোকানে দোকানে গিয়ে করোনা পরিস্থিতি সভাবিক না হওয়া পর্যন্ত তথা আগামী ৩০ মে পর্যন্ত সকল সব মার্কেট ও দোকানপাট বন্ধ রাখার ব্যপারে সকল দোকান মালিকদের অবহিত করেন।
রাঙামাটি বৃহত্তম বনরূপা ব্যবসায়ী কল্যান সমিতির সভাপতি আবু ছৈয়দ বলেন, সরকারের নির্দেশনা স্বাস্থ্যবিধি, সামাজিক দূরত্ব নিশ্চত করে ব্যবস্থা প্রতিষ্ঠান খোলা রাখা কঠিন হয়ে যাবে। একই সাথে নিজের পরিবারের নিরাপত্তার কথা ভেবেই এমন সিদ্ধান্ত নিয়েছি। তিনি আরো বলেন, সরকারের কাছে একই সাথে দাবী রাখছি সকল ব্যবসায়ীদের তালিকা করে খাদ্য সাহায়তা প্রদান করা যায় কিনা সেদিকে নজর দেয়ার জন্য।
রির্জাভ বাজার ব্যবসায়ী সমিতির সভাপতি আনোয়ার মিয়া ভানু বলেন, সরকার খোলার রাখার ব্যাপারে জানিয়েছেন কিন্তু ব্যবসায়িদের নানান বিষয় আছে। সেইসব বিবেচনায় নিয়ে আমরা রিজার্ভবাজারের দোকানপাট ও মার্কেট বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছি।
অন্যদিকে তবলছড়ি ব্যবসায়ী সমিতির সভাপতি, হাজী জহির আহমেদ বলেন, সরকার যে সময়ের জন্য খোলা রাখার কথা বলছেন, সেই সময় খোলা রাখা বন্ধ রাখা সমান কথা, তাও কেউ যদি সরকারে নির্দেশনা মোতাবেক খোলা রাখে সেটা তার নিজ দায়িত্বে খুলবেন। আমরা সমিতির পক্ষ থেকে এখনো কোন সিদ্ধান্ত নিইনি।
