বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার মুক্তির দাবিতে বান্দরবানে বিক্ষোভ মিছিল করেছে দলটির নেতাকর্মীরা। সোমবার সকালে শহরে মিছিল ও সমাবেশ করে তারা।
জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতি মামলায় সাজাপ্রাপ্ত বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার মুক্তি এবং বিএনপি নেতাকর্মীদের কর্মসূচীতে পুলিশি বাধা দেয়ার প্রতিবাদে কেন্দ্রীয় কর্মসূচীর অংশ হিসেবে বান্দরবানে জেলা বিএনপি’সহ সহযোগী সংগঠনের নেতাকর্মীরা বিক্ষোভ মিছিল সমাবেশ কর্মসূচী পালন করেছে।
সকালে জেলা বিএনপির সাধারণ সম্পাদক জাবেদ রেজার নেতৃত্বে বিএনপি’সহ অঙ্গসংগঠনের নেতাকর্মীরা শহরের কালাঘাটা বাজারে বিক্ষোভ মিছিল করেছে।
পরে বিক্ষোভ সমাবেশে বক্তব্য রাখেন বিএনপির নেতা জসিম উদ্দিন, জেলা যুবদলের যুগ্ম আহবায়ক আবিদুর রহমান, স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহবায়ক চনুমং মারমা, কলেজ ছাত্রদলের সভাপতি মোরশেদ বিন ওমর, পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক আলী হোসেন প্রমুখ বক্তব্য রাখেন।
সমাবেশে বিএনপির সাধারণ সম্পাদক জাবেদ রেজা বলেন, ‘মিথ্যা দুর্নীতির মামলায় সাজা দিয়ে দুই দশকের পুরনো জরাজীর্ণ পরিত্যক্ত ভবনে দেশনেত্রী খালেজা জিয়াকে কারাবন্দী করে রাখা হয়েছে। বিএনপির শান্তিপূর্ন কর্মসূচীতে পুলিশ বাধা দেয়া হচ্ছে এবং নেতাকর্মীদের গ্রেফতার করা হচ্ছে। গ্রেফতার আতঙ্কে নেতাকর্মীরা পালিয়ে বেড়াচ্ছে। পুলিশি বাধায় ওয়ার্ডে ওয়ার্ডে কর্মসূচী পালন করতে হচ্ছে। তিনি এইসব বন্ধের জন্য সরকারের প্রতি আহ্বান জানান।
