শনিবার “সরকার ও দালাল-সুবিধাবাদীদের মিলিত ষড়যন্ত্র নস্যাৎ করতে ঐক্যবদ্ধ হোন, সকল সীমাবদ্ধতা কাটিয়ে আদর্শিকভাবে সংগঠনকে শক্তিশালী করুন!” এই শ্লোগানে বৃহত্তর পার্বত্য চট্টগ্রাম পাহাড়ি ছাত্র পরিষদ(পিসিপি) খাগড়াছড়ি সদর উপজেলা শাখার ৫ম কাউন্সিল অনুষ্ঠিত হয়েছে। সকাল সাড়ে ১০ টায় কাউন্সিল অধিবেশন শুরু হয়। কাউন্সিল শুরুতে পূর্ণস্বায়ত্তশাসনের সংগ্রাম করতে গিয়ে যারা শহীদ হয়েছেন সেইসব বীরদের প্রতি গভীর শ্রদ্ধা ও সম্মান জানিয়ে এক মিনিট নীরবতা পালন করা হয়। এছাড়া গনতান্ত্রিক যুব ফোরামে, পাহাড়ি ছাত্র পরিষদের জেলা-উপজেলা-কলেজ-ইউপি কমিটির নেতা-কর্মী ও শুভাকাক্সক্ষীরা উপস্থিত ছিলেন।
কাউন্সিল প্রস্তুতি কমিটির সদস্য সচিব ডেবিট চাকমা’র সঞ্চালনায় আহ্বায়ক সোহেল চাকমার সভাপতিত্বে বক্তব্য রাখেন বৃহত্তর পার্বত্য চট্টগ্রাম পাহাড়ি ছাত্র পরিষদ খাগড়াছড়ি সরকারি কলেজ শাখার ভারপ্রাপ্ত সভাপতি তেতুশা ত্রিপুরা, হিল উইমেন্স ফেডারেশন জেলা সাংগঠনিক সম্পাদক রেশমী মারমা, পিসিপি জেলা কমিটির সাধারণ সম্পাদক অমল ত্রিপুরা, কেন্দ্রীয় কমিটির সম্মানিত সভাপতি বিনয়ন চাকমা, ইউনাইটেড পিপল্স ডেমোক্রেটিক ফ্রন্ট(ইউপিডিএফ)-এর সংগঠক মিঠুন চাকমা, গণতান্ত্রিক যুব ফোরাম জেলা কমিটির ভারপ্রাপ্ত সভাপতি কৃষ্ণচরণ ত্রিপুরা প্রমূখ।
বক্তারা বলেন, তথাকথিত পিসিপি নামধারী বিভ্রান্তী সৃষ্টিকারী প্রতিক্রিয়াশীল ছাত্রসংগঠনগুলো ছাত্রসমাজের একটি অংশকে নেশাদ্রব্য সেবন, আমোদ-প্রমোদ সহ ভোগবিলাসে মত্ত রেখেছে। জাতীয় ছাত্রসংগঠনগুলোর মত তারাও লেজুরবৃত্তি করছে। এই সুবিধাবাদী ধারাকে ঝেড়ে ফেলতে হবে।
পুরাতন কমিটির বিলুপ্তি, নতুন কমিটি ঘোষণাসহ শপথবাক্য পাঠ করান পিসিপি’র কেন্দ্রীয় সভাপতি বিনয়ন চাকমা। সর্বসম্মতিক্রমে সোহেল চাকমাকে সভাপতি, ডেবিট চাকমাকে সাধারণ সম্পাদক ও চাকমাকে সাংগঠনিক সম্পাদক নির্বাচিত করে ১৯ সদস্য বিশিষ্ট কমিটি গঠন করা হয়েছে।
দ্বিতীয় অধিবেশনে নির্দেশনামূলক বক্তব্য রাখেন বিনয়ন চাকমা, সঞ্চালনা ও সভাপতিত্ত্ব করেন যথাক্রমে ডেবিট চাকমা ও সোহেল চাকমা। এসময় নবগঠিত কমিটির সভাপতি পূর্ণস্বায়শাসনের সংগ্রাম সফল করতে ছাত্রসমাজকে ঐক্যবদ্ধ করার দৃঢ়তা ব্যক্ত করে সকলের সহযোগিতা কামনা করেন।
কাউন্সিল শেষে একটি শুভেচ্ছা মিছিল বের করা হয়। মিছিলটি স্বনির্ভর এলাকা থেকে শুরু হয়ে চেঙ্গী স্কোয়ার প্রদক্ষিণ করে উপজেলা হয়ে ঘুরে পানছড়ি স্টেশনে এসে সংক্ষিপ্ত সমাবেশের মধ্য দিয়ে শেষ হয়। সমাবেশে বক্তব্য রাখেন খাগড়াছড়ি সদর উপজেলা শাখার সভাপতি সোহেল চাকমা, সাধারণ সম্পাদক ডেবিট চাকমা ও পিসিপি জেলা শাখার ভারপ্রাপ্ত সভাপতি তপন চাকমা। (বিজ্ঞপ্তি)
