বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল খাগড়াছড়ি জেলা শাখার নবনির্বাচিত কমিটির পরিচিতি সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার বেলা সাড়ে ১১টায় জেলা শহরের কলাবাগান এলাকার আদর্শ যুব সংঘ ক্লাবে এ সভার আয়োজন করা হয়।
এসময় বক্তারা বলেন, ২১ আগস্ট গ্রেনেড হামলার মামলায় তারেক জিয়াকে জড়িয়ে যে রায় দিয়েছে তা এ দেশের জনগণ মানেনা। এ রায় বিএনপিকে ধ্বংস করার ষড়যন্ত্রের অংশ। হামলায় তৎকালীন বিরোধী দল আওয়ামীলীগের নেতাকর্মীরাই জড়িত ছিলেন।
তারা অভিযোগ করে বলেন, অবৈধ শেখ হাসিনার সরকার দেশে আরোও একটি নীল নকশার নির্বাচন করতে তারেক জিয়ার বিরুদ্ধে এ রায় দিয়েছে। একইভাবে বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়াকে সরকারের নির্দেশে কারাগারে আটকে রাখা হয়েছে। বক্তারা বিএনপির ভারপ্রাপ্ত ভাইস চেয়ারম্যান তারেক জিয়ার বিরুদ্ধে সরকারের পাতানো রায়ের তীব্র নিন্দা জানিয়ে অবিলম্বে দলের চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার নি:শর্ত মুকিত দাবি করেন। অন্যথায় কঠোর কর্মসূচির মাধ্যমে খালেদা জিয়াসহ দলের কেন্দ্রীয় নেতাদের মুক্ত করে আনার ঘোষণা দেন।
অনুষ্ঠানে বক্তব্য রাখেন খাগড়াছড়ি জেলা বিএনপির সিনিয়র সহসভাপতি প্রবীণ চন্দ্র চাকমা, সাংগঠনিক সম্পাদক এমএন আবছার, জেলা যুবদলের সভাপতি মাহবুব আলম সবুজ, সাধারণ সম্পাদক মো. ইব্রাহিম খলিল প্রমুখ।
