খাগড়াছড়িতে প্রশিক্ষনপ্রাপ্ত নবীন সেনা সদস্যদের শপথ গ্রহণ সম্পন্ন হয়েছে। বৃহস্পতিবার বেলা ১১টার দিকে খাগড়াছড়ির দীঘিনালায় এডহক ফরমেশন রিক্রুট ট্রেনিং সেন্টারের রিক্রুট ১৯-১ ব্যাচের শপথ গ্রহণ অনুষ্ঠিত হয়।
এতে প্রধান অতিথি ছিলেন খাগড়াছড়ির ২০৩ পদাতিক ডিভিশনের রিজিয়নের কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল মো: হামিদুল হক।
অনুষ্ঠানে ২৪ পদাতিক ডিভিশনের স্টাফ অফিসার কর্নেল নাজিম উদদৌলা, এডহক ফরমেশন রিক্রুট ট্রেনিং সেন্টারের প্রধান প্রশিক্ষক লে.কর্ণেল জয়নুল আবেদীন চিশতিসহ উর্ধ্বতন সামরিক ও বেসামরিক কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে প্রধান অতিথি তাঁর বক্তব্যে খাগড়াছড়ি সেনা রিজিয়নের কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল মো. হামিদুল হক নবীন সৈনিকদের দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষায় রেজিমেন্টের একজন গর্বিত সৈনিক হিসাবে সর্বোচ্চ আত্মত্যাগের জন্য প্রস্তুতের আহবান জানিয়েছেন।
রিক্রুট ১৯-১ ব্যাচে ইস্ট বেঙ্গল ও ইনফেন্টি রেজিমেন্টের ৮শ ৯৫ জন নবীন সেনা সদস্য শপথ গ্রহণ শেষে বাংলাদেশ সেনাবাহিনীতে যোগদান উপলক্ষে কুচকাওয়াজের আয়োজন করা হয়। এসময় আগত অতিথি ও নবীন সেনা সদস্যের আত্মীয়স্বজনরা কুচকাওয়াজ উপভোগ করেন।
