খাগড়াছড়ি প্রতিনিধি
ধর্মভিত্তিক সংগঠন হেফাজত ইসলামের ডাকা সকাল-সন্ধ্যা হরতালের কোনো প্রভাব পড়েনি পার্বত্য জেলা খাগড়াছড়িতেও।
রোববার সকাল থেকে অফিস-আদালতের কার্যক্রম স্বাভাবিক ছিল। খোলা রয়েছে সব ধরনের দোকানপাট। অভ্যন্তরীণ, ঢাকা ও রাঙামাটি সড়কে যান চলাচল স্বাভাবিক থাকলেও চট্টগ্রাম সড়কে যান চলাচল বন্ধ রয়েছে। গত ২৬ মার্চ বিকাল থেকে খাগড়াছড়ি-চট্টগ্রাম সড়কের হাটহাজারী এলাকায় হেফাজত ইসলামের তাণ্ডবের পর থেকে এই সড়কে সরাসরি যান চলাচল বন্ধ রয়েছে।
এদিকে হরতালের সমর্থনে কোন পিকেটিং, বিক্ষোভ না হলেও হরতাল প্রতিহত করতে মাঠে রয়েছে আওয়ামীলীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা। এসময় তারা শহরে লাঠি মিছিল মিছিল করে। জেলাজুড়ে জোরদার করা হয়েছে পুলিশি নিরাপত্তা ব্যবস্থা।
খাগড়াছড়ির পুলিশ সুপার মোহাম্মদ আব্দুল আজিজ বলেন, যেকোন ধরনের অপ্রীতিকর পরিস্থিতি মোকাবেলায় আমরা জেলাজুড়ে পুলিশি নিরাপত্তা জোরদার করেছি। গুরুত্বপূর্ণস্থানে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।
