প্রেমের প্রস্তাবে রাজী না হওয়ায় ক্ষুব্ধ হয়ে বন্ধুদের সহযোগিতায় নবম শ্রেণী পড়ুয়া এক কিশোরীকে ধর্ষণ করেছে বখাটে যুবক। সোমবার দুপুরে খাগড়াছড়ি জেলা সদরের ভূয়াছড়ি এলাকায় এ ঘটনা ঘটে।
এ ঘটনায় ভিকটিমের দায়ের করা মামলায় অভিযুক্ত তিন যুবককে আটক করেছে পুলিশ। আটককৃতরা হলেন, সুরুজ আলীর ছেলে আমিনুল ইসলাম (১৮), আব্দুল কাদেরের ছেলে আল আমিন (১৭) ও কামাল হোসেনের ছেলে জাহেদুল ইসলাম (১৬)। এরা সকলেই ভূয়াছড়ির নতুন বাজার এলাকার বাসিন্দা।
কিশোরীর মামা বলেন, ‘আমিনুল দীর্ঘদিন ধরে আমার ভাগ্নিকে প্রেমের প্রস্তাব দিয়ে আসছিলো। আমার ভাগ্নি সেই প্রস্তাবে সাড়া না দেয়ায় আমিনুল ক্ষুব্ধ ছিলো। এরই জের ধরে সোমবার দুপুরে আমার ভাগ্নি বাড়ির পাশের জঙ্গলে ছাগল চরাতে গেলে তাকে একা পেয়ে আল আমিন এবং কামালের সহযোগিতায় আমিনুল তাকে ধষর্ণ করে পালিয়ে যায়। পরে বিষয়টি আমরা পুলিশকে অবহিত করি।’
খাগড়াছড়ি সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাহাদাৎ হোসেন টিটো বলেন, ‘কিশোরীকে ডাক্তারী পরীক্ষার জন্য খাগড়াছড়ি জেলা সদর হাসপাতালে প্রেরণ করা হয়েছে। এছাড়া আটককৃতদের প্রাথমিক জিজ্ঞাসাবাদ শেষে মঙ্গলবার দুপুরে আদালতে হাজির করা হলে আদালত তাদের হাজতে পাঠানোর নির্দেশ দিয়েছেন।’