খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদের প্রাথমিক শিক্ষক নিয়োগ পরিক্ষা বাতিলের দাবিতে আজ সোমবার খাগড়াছড়ি পার্বত্য জেলাতে সকাল-সন্ধ্যা হরতাল পালিত হবে। এছাড়া একই দাবিতে ১৯ সেপ্টেম্বর মঙ্গলবার থেকে ২১ সেপ্টেম্বর রোজ বৃহস্পতিবার পর্যন্ত সড়ক অবরোধ পালিত হবে।
খাগড়াছড়ি পার্বত্য জেলা সুষম উন্নয়ন ও দুর্নীতি প্রতিরোধ কমিটির আহ্বায়ক সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান চঞ্চু মণি চাকমা এই কর্মসূচি ঘোষণা করেন।
এর আগে সকালে প্রাথমিক নিয়োগ পরিক্ষা বাতিলের দাবিতে সদর উপজেলা পরিষদ থেকে সংগঠনটির উদ্যোগে মিছিল নিয়ে জেলা পরিষদের দিকে যেতে চাইলে পুলিশ বাধা দেয়। পরে সেখানে সংক্ষিপ্ত সমাবেশে বক্তব্য রাখেন উপজেলা পরিষদ চেয়ারম্যান চঞ্চু মণি চাকমা, পানছড়ি উপজেলা পরিষদ চেয়ারম্যান সর্বোত্তম চাকমা ও খাগড়াছড়ি পৌর মেয়র রফিকুল আলম প্রমুখ।
এদিকে এই কর্মসূচি ঘিরে অপ্রীতিকর ঘটনা মোকাবেলায় ১৪৪ ধারা জারি করেছে জেলা প্রশাসন। উপজেলা পরিষদ থেকে স্বনির্ভর বাজার পর্যন্ত এলাকায় রবিবার সকাল ৮টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত ১৪৪ ধারা বলবৎ থাকবে। এ কারণে গোটা এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়।
