খাগড়াছড়ি প্রতিনিধি ॥
খাগড়াছড়ি পার্বত্য জেলায় নবাগত পুলিশ সুপারের যোগদান উপলক্ষে সাংবাদিকদের সাথে মতবিনিময় সভা করা হয়েছে। বৃহস্পতিবার দুপুরে পুলিশ সুপারের কার্যালয়ে জেলা পুলিশের উদ্যোগে এর আয়োজন করা হয়।
এ সময় নবাগত পুলিশ সুপার মো. নাইমুল হক পিপিএম বলেন, পাহাড়ে অপরাধ, সন্ত্রাস দমনে আগেও পুলিশের অভিযান হয়েছে। তা চলমান থাকবে। তবে অভিযানকে বেগবান করতে প্রযুক্তি ও কৌশল ব্যবহার করা হবে বলে জানিয়েছেন। ঘটনা অনুযায়ী পুলিশি পদক্ষেপ নেয়া হবে মন্তব্য করে চাঁদাবাজি বন্ধসহ জেলার আইন-শৃঙ্খলা নিয়ন্ত্রণে নানা কৌশলে কাজ করবেন বলে জানান নবাগত এসপি। পর্যটকদের নিরাপত্তাও থাকবে বিশেষ নজরদারি। অপ-প্রচার ও গুজব সৃষ্টি করে যাতে কেউ ফায়দা লুটতে না পারে সেজন্য সামাজিক যোগাযোগমাধ্যমেও রাখা হবে নজরদারি। যে কোন ঘটনার তথ্য প্রাপ্তিতে সাংবাদিকদের জন্য খোলা হবে মিডিয়া সেল গঠন করা হবে জানিয়ে যে কোন পরিস্থিতি মোকাবেলায় সাংবাদিকদের সহযোগিতা কামনা করেন পুলিশ সুপার। সভায় জেলা পুলিশের কর্মকর্তা ছাড়াও গোয়েন্দা বিভাগের দায়িত্বপ্রাপ্তরা উপস্থিত ছিলেন।
এর আগে খাগড়াছড়িতে বিভিন্ন ইলেকট্রনিকস ও প্রিন্ট মিডিয়ায় কর্মরত সাংবাদিকরা পরিচিতির পাশাপাশি এলাকার অনেক বিষয় নিয়ে তুলে ধরেন। তথ্য প্রাপ্তি ও প্রচারের কাজে পুলিশকে আরোও বেশি সহায়ক ভূমিকা রাখার আহবান জানান সাংবাদিক নেতৃবৃন্দ।
সভা শেষে যোগদান করা পুলিশ সুপারকে খাগড়াছড়ি প্রেসক্লাব ও সাংবাদিক ইউনিয়নের পক্ষ থেকে ফুলের তোড়া দিয়ে শুভেচ্ছা জানান নেতৃবৃন্দ।
খাগড়াছড়িতে বদলির আগে পুলিশ সুপার নাইমুল হক কক্সবাজার ১৪ এপিবিএন’র অধিনায়ক ছিলেন।
