চট্টগ্রাম সাংবাদিক ইউনিয়নের সভাপতি রিয়াজ হায়দার চৌধুরীর ওপর হামলাকারীদের দৃষ্টান্তমুলক শাস্তির দাবিতে খাগড়াছড়িতে মানববন্ধন করেছে পেশাজীবি সাংবাদিকরা। মঙ্গলবার সকালে খাগড়াছড়ি প্রেস ক্লাবের সামনে খাগড়াছড়ি সাংবাদিক ইউনিয়ন ও কর্মরত সাংবাদিকদের ব্যানারে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়।
এতে বক্তব্য রাখেন খাগড়াছড়ি প্রেস ক্লাবের সভাপতি জীতেন বড়–য়া, সহ সভাপতি জহুরুল আলম, খাগড়াছড়ি সাংবাদিক ইউনিয়নের সভাপতি নুরুল আজম, এটিএন বাংলার প্রতিনিধি আবু দাউদ ও সমকাল প্রতিনিধি প্রদীপ চৌধুরী।
বক্তারা রিয়াজ হায়দার চৌধুরীসহ সারাদেশে সাংবাদিকদের ওপর হামলা, নির্যাতনের প্রতিবাদ জানিয়ে বলেন, সাংবাদিকদের ওপর হামলা হলেও প্রশাসনের পক্ষ থেকে ত্বরিত কোন ব্যবস্থা নেয়া হয় না বলে হামলাকারীরা আরো বেশি সাহস পায়। বক্তারা সাংবাদিক হামলা, নির্যাতনের বিরুদ্ধে ঐক্য গড়ে তোলা ও প্রশাসনকে সজাগ থাকার আহ্বান জানান।
