খাগড়াছড়ি প্রতিনিধি ॥
দেশব্যাপী গ্রামীণ বাজার অবকাঠামো উন্নয়ন প্রকল্পের আওতায় খাগড়াছড়িতে স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর কর্তৃক বাস্তবায়নাধীন মডেল মার্কেট নির্মাণের ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয়েছে। দুপুরে সদর উপজেলার ভাইবোনছড়া বাজারে এর উদ্বোধন করেন পার্বত্য চট্টগ্রাম শরণার্থী বিষয়ক টাস্কফোর্সের চেয়ারম্যান ও ২৯৮নং আসনের সংসদ সদস্য কুজেন্দ্র লাল ত্রিপুরা।
এ সময় তিনি বলেন, বহু কষ্টের বিনিময়ে আজকের এই বাংলাদেশ অর্জিত হয়েছে। আমার গ্রাম আমার শহর গড়ার পরিকল্পনা ছিলো জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের। পরাজিত ঘাতকরা বঙ্গবন্ধুর সে স্বপ্ন বাস্তবায়ন করতে দেয়নি। তারই স্বপ্ন বাস্তবায়নে নিরলসভাবে কাজ করে যাচ্ছে প্রধানমন্ত্রী শেখ হাসিনা। শুধু তাই নয়, চলমান কোভিড মোকাবেলা করতেও সচেষ্ট প্রধানমন্ত্রী। উন্নত রাষ্ট্রগুলো যেখানে ব্যর্থ সেখানে শেখ হাসিনা তার মেধা ও প্রজ্ঞা দিয়ে দেশের মানুষকে মহামারি থেকে বাঁচাতে অক্লান্তভাবে চেষ্টা চালিয়ে যাচ্ছে।
অনুষ্ঠানে অন্যান্যের মাঝে খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান কংজরী চৌধুরী, স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের নির্বাহী প্রকৌশলী মো. শাহজাহান, সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান কংজরী চৌধুরীসহ স্থানীয় জনপ্রতিনিধি, গণ্যমান্য ব্যক্তি ও বাজারের ব্যবসায়ীরা উপস্থিত ছিলেন।
স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের সুত্রে জানায়, ২ কোটি চুয়াত্তর লক্ষ ৫০ হাজার টাকা ব্যয়ে চার তলা ফাউন্ডেশন বিশিষ্ট দু’তলা মডেল মার্কেট নির্মাণ করা হবে। পাঁচ হাজার ৮শ’ ৩২ বর্গফুটের ভবনের দুই দিকে সিড়ি এবং চারিদিকে বারান্দা থাকবে। থাকবে বিদ্যুত ও সোলার সিস্টেম। মাকের্টের ১ম তলায় মাছ, মাংস ও সবজির দোকান, ৬টি মুদির দোকান ও পানীয় জলের ব্যবস্থা এবং দ্বিতীয় তলায় ওমেন্স কর্নার সহ ১৬ টি দোকান ও ৪টি টয়লেট থাকবে। আগামি ১১ মাসের মধ্যে নির্মাণ কাজ সমাপ্ত করা হবে। পর্যায়ক্রমে জেলার সব উপজেলায় মডেল মার্কেট নির্মাণ করা হবে বলেও জানায় তারা।
