খাগড়াছড়িতে সরকারের সাফল্য অর্জন ও উন্নয়ন বিষয়ে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। গত রবিবার দুপুরে সদর উপজেলার পেরাছড়া উচ্চ বিদ্যালয়ে তথ্য মন্ত্রণালয়, গণযোগাযোগ অধিদপ্তরের প্রচার কার্যক্রমের আওতায় এ সভার আয়োজন করা হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সদর উপজেলার ভারপ্রাপ্ত নির্বাহী কর্মকর্তা ত্রিলা দেব।
এসময় বক্তারা বলেন, বাংলাদেশ স্বল্পোন্নত দেশ হতে উন্নয়নশীল দেশে উন্নীত হয়েছে। বিশ্বব্যাপী উন্নয়ন ও ডিজিটালাইজেশনের রোল মডেল হিসেবে স্বীকৃতি পেয়েছে দেশ। বর্তমান সরকার টানা দুই মেয়াদে ক্ষমতায় থাকায় দেশের বিভিন্ন ক্ষেত্রে উন্নয়ন কর্মকান্ড পরিচালিত হয়েছে। যার ফলে অর্থনীতিতে যেমন গতি সঞ্চারিত হয়েছে তেমনি বিভিন্ন সামাজিক সূচকে সাধিত হয়েছে লক্ষণীয় অগ্রগতি। এছাড়াও টেকসই উন্নয়ন অভীষ্টে প্রধানমন্ত্রীর বিশেষ উদ্যোগ হচ্ছে, একটি বাড়ি একটি খামার, আশ্রায়ন প্রকল্প, ডিজিটাল বাংলাদেশ, শিক্ষা সহায়তা কর্মসূচি, বিনিয়োগ বিকাশ এবং পরিবেশ সুরক্ষা কার্যক্রম এবং ১০টি ফার্স্ট মেগা প্রকল্প এই উন্নয়নের প্রধান নিয়মক।
বর্তমানে দেশে মাদকের ভয়াবহতা ও সন্ত্রাস-জঙ্গিবাদ থেকে মুক্ত রাখার জন্য সকলেই সতর্ক এবং সামাজিকভাবে আন্দোলন গড়ে তোলাসহ নিরাপদ সড়ক নিশ্চিত করার জন্য ট্রাফিক আইন মেনে চলা এবং সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক ও ইন্টারনেটসহ তথ্য প্রযুক্তির সঠিক ব্যবহার করার জন্য মাননীয় প্রধানমন্ত্রী নির্দেশনা দিয়েছেন বলে জানান বক্তারা।
জেলা তথ্য কর্মকর্তা বাপ্পী চত্রবর্তীর সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পেরাছড়া উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক বিম্বিসার খীসা ও হেডম্যান অনিল কুমার চাকমা। অনুষ্ঠানে বিদ্যালয়ের শিক্ষক, অভিভাবকসহ এলাকার জনপ্রতিনিধি, সমিতির সদস্য/নেত্রী ও বিভিন্ন শ্রেণী পেশার জনসাধারণ উপস্থিত ছিলেন।
আলোচনা সভার শুরুতে স্বাগত বক্তব্য উপস্থাপন করেন জেলা তথ্য কর্মকর্তা। এতে বলা হয়, ২০০৯ সালের ৬ জানুয়ারি প্রথমবার এবং ২০১৪ সালের ১২ জানুয়ারি দ্বিতীয়বার প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে সরকার গঠিত হয়। বর্তমন সরকারের ভিশন ২০২১ সালে মধ্যম আয়ের দেশ গড়া এবং রুপকল্প ২০৪১ এ উন্নত বাংলাদেশ গড়তে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার ঘোষিত কর্মসূচিতে অংশগ্রহন ও সহযোগিতার আহবান জানান।
বাংলাদেশ এখন আন্তর্জাতিকভাবে অনেক সুনাম ও পুরস্কার অর্জন করেছে। বিশ্বের দরবারে বাংলাদেশ মাথা উচু করে দাঁড়িয়েছে। বাংলাদেশ স্বল্পোন্নত দেশ হতে উন্নয়নশীল দেশে উন্নীত হয়েছে। সরকার শিক্ষাখাতে অনেক উন্নয়ন করেছে। মাননীয় প্রধানমন্ত্রীর পুত্র সজীব ওয়াজেদ জয় এর আইসিটি সেক্টরে নিরলস কাজের ফলে শিক্ষাখাতে ডিজিটাল সেবা এগিয়ে যাচ্ছে। বর্তমান সরকারের ঘোষিত কর্মসূচিতে অংশগ্রহণ ও সহযোগিতার জন্য উপস্থিত অংশগ্রহনকারী সকলকে অনুরোধ জানান।
এর আগে সরকারের উন্নয়ন বিষয়ে এবং মাননীয় প্রধানমন্ত্রীর ১০ টি বিশেষ উদ্যোগ নিয়ে ভিডিওচিত্র প্রদর্শন করা হয়। আলোচনা সভা শেষে মাননীয় প্রধানমন্ত্রীর ১০ টি বিশেষ উদ্যোগ বিষয়ে ছাত্রছাত্রীদের নিয়ে এক কুইজ প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ করা হয়।
