জিয়া চ্যারিটেবল ট্রাস্ট দুর্নীতি মামলায় বেগম খালেদা জিয়াসহ চারজনের বিরুদ্ধে সাজার প্রতিবাদে খাগড়াছড়িতে অনশন কর্মসূচি পালন করেছে জেলা বিএনপি।
কেন্দ্রীয় ঘোষিত কর্মসূচির অংশ হিসেবে বৃহস্পতিবার সকাল সাড়ে ১০টায় শহরের জেলা বিএনপি’র দলীয় কার্যালয়ের সামনে এ কর্মসূচি পালন করে নেতাকর্মীরা। দুই ঘন্টাব্যাপি অনশনে অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীরা অংশ নেন।
এসময় বক্তারা অভিযোগ করে বলেন, গণভবন থেকে অবৈধ শেখ হাসিনা সরকারের নির্দেশে দেয়া রায় বিএনপি মানে না। দেশের জনগণ এ রায় ঘৃণাভরে প্রত্যাখান করেছে। আওয়ামীলীগ সরকার গণতন্ত্রের তোয়াক্কা না করে উন্নয়নের নামে দেশে লুটপাট, খুন, গুম ও ষড়যন্ত্র করে ক্ষমতায় থাকতে চায়। বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়াকে ছাড়া এদেশে কোন নির্বাচন হতে দেয়া হবেনা বলেও হুঁশিয়ারি দেন তারা।
অবিলম্বে জাতীয় ঐক্যের সাত দফা দাবি মেনে নিয়ে খালেদা জিয়ার নিঃশর্ত মুক্তি ও তারেক রহমানসহ কেন্দ্রীয় নেতাদের বিরুদ্ধে সকল মামলা প্রত্যাহার করার দাবি জানান নেতৃবৃন্দ। অন্যথায় জনগণকে নিয়ে আন্দোলনের মাধ্যমে দাবি আদায় করা হবে।
কর্মসূচিতে বক্তব্য রাখেন খাগড়াছড়ি জেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি প্রবীণ চন্দ্র চাকমা, সাংগঠনিক সম্পাদক আব্দুর রব রাজা, জেলা ছাত্রদলের সভাপতি শাহেদ সুমন, জেলা মহিলা দলের সাধারণ সম্পাদক কুহেলি দেওয়ান।
পরে দুপুরে খাগড়াছড়ি জেলা আইনজীবি ফোরামের নেতৃবৃন্দ এসে বিএনপি নেতাকর্মীদের জুস পান করিয়ে অনশন ভাঙ্গান।
