অপু দত্ত, খাগড়াছড়ি
খাগড়াছড়ির একটি যাত্রীবাহী বাস ও পুলিশ বহনকারী পিকআপের মুখোমুখি সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে পিকআপে থাকা ৫ জন পুলিশ সদস্যসহ ৬ আহত হয়েছে। শনিবার সকালে জেলা শহরের জিরোমাইলের মহালছড়া এলাকায় এই দুর্ঘটনা ঘটে। এসময় তাদের দ্রুত উদ্ধার করে খাগড়াছড়ি সদর হাসপাতালে আনা হলে সেখান থেকে দুই পুলিশ সদস্যকে গুরুতর অবস্থায় চট্টগ্রাম মেডিকেল কলেজ ও হাসপাতালে পাঠানো হয়।
আহতরা হলেন উপপরিদর্শক (এসআই) মো. মিজানুর রহমান(৪৫), কনস্টেবল আবু ইউছুফ(২৮), মো. তানভীর হোসেন (২৫), ঈশ্বর চাকমা (৩২), সেলিম রেজা(২৫)ও পিকআপটির চালক সুজন চাকমা (২১)। আহতদের মধ্যে কনস্টেবল ইউছুফ ও মো. তানভীর হোসেনকে চট্টগ্রাম মেডিকেল কলেজ ও হাসপাতালে প্রেরণ করা হয়েছে।

স্থানীয় সূত্রে জানা গেছে, সাদা পিকআপে পুলিশের একটি টহল দল জিরোমাইলের মহালছড়া এলাকায় দ্বায়িত্ব পালন করছিল। সেখানে পিকআপটি দাঁড়ানো অবস্থায় ছিল। এসময় বিপরীত দিক থেকে রাতে ঢাকা থেকে ছেড়ে আসা এসআলম পরিবহনের একটি যাত্রীবাহী বাসের সঙ্গে পুলিশ বহনকারী পিকআপটির মুখোমুখি সংঘর্ষ হয়। এতে পিকআপে থাকা সব পুলিশ সদস্য আহত হয়। দুমড়ে-মুচড়ে যায় পিকআপটি। এসময় স্থানীয়রা আহতদের দ্রুত উদ্ধার করে খাগড়াছড়ি সদর হাসপাতালে নিয়ে আসে।
খাগড়াছড়ি সদর থানার ওসি (তদন্ত) মো. আবুল হাসান খান জানান, ‘বেপরোয়া গতিতে আসার কারণে এই দুর্ঘটনা ঘটে থাকতে পারে। আহতদের মধ্যে দুইজনের অবস্থা গুরুতর। আমরা বাসটি জব্দ করেছি।’
