‘সবাই মিলে ভাবো, নতুন কিছু করো, নারী-পুরুষ সমতার নতুন বিশ্ব গড়ো’- এই প্রতিপাদ্য বিষয়কে সামনে রেখে খাগড়াছড়িতে আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। এ উপলক্ষে বুধবার সকালে জেলা শহরের প্রধান ডাকঘরের সামনে মানববন্ধন কর্মসূচির আয়োজন করা হয়।
জেলা প্রশাসন ও মহিলা বিষয়ক অধিদপ্তর ও জাতীয় মহিলা সংস্থান যৌথ উদ্যোগে মানবন্ধনে সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানের পাশাপাশি শিক্ষার্থী ও সুশীল সমাজের প্রতিনিধিরা অংশ নেন।
কর্মসূচিতে বক্তব্য রাখেন, অতিরিক্ত জেলা প্রশাসক কাজী চাহেল তস্তুরী, শিক্ষাবিদ প্রফেসর বোধিসত্ব দেওয়ান, জেলা মহিলা বিষয়ক কর্মকর্তা মো. মহিউদ্দিন আহম্মেদ, জেলা শিশু বিষয়ক কর্মকর্তা উষানু চৌধুরী প্রমুখ।
এ সময় বক্তারা দিবসটির তাৎপর্য তুলে ধরে বলেন, সরকার নারীর ক্ষমতায়ন নিশ্চিতে কাজ করছেন। নারীর ক্ষমতায়নে বাংলাদেশ আজ বিশে^ রোল মডেল হিসেবে স্বীকৃত। নারীর প্রতি যৌন হয়রানী বন্ধসহ কোন বৈষম্য না রেখে সকল ক্ষেত্রে নারীদের অধিকার নিশ্চিত করতে সবাইকে এগিয়ে আসার আহবান জানান তারা।
