পাহাড়ি জেলা খাগড়াছড়িতে শনিবার সকালে শুরু হয়েছে চার দিনব্যাপী আয়কর মেলা। খাগড়াছড়ি অরুণিমা কমিউনিটি সেন্টারে মেলার উদ্বোধন করেন প্রতিমন্ত্রী মর্যাদার শরনার্থী বিষয়ক টাস্কফোর্সের চেয়ারম্যান কুজেন্দ্র লাল ত্রিপুরা এমপি।
চট্টগ্রাম কর অঞ্চল-৩ কমিশনার মোঃ মাহবুবুর রহমান সভাপতিত্বে মেলায় আরো বক্তব্য রাখেন জেলা প্রশাসক প্রতাপ চন্দ্র বিশ্বাস, পুলিশ সুপার মোহাঃ আহমার উজ্জামান, উপজেলা চেয়ারম্যান মো. শানে আলম, পৌরসভার মেয়র রফিকুল আলম, খাগড়াছড়ি চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রির সহ-সভাপতি আলহাজ¦ মোহাম্মদ কাশেম, প্রেসক্লাবে সভাপতি জীতেন বড়–য়া।
মেলার প্রধান অতিথি কুজেন্দ্র লাল ত্রিপুরা এমপি বলেন, জনগণ আয়কর দিলে সেই আয়করের টাকায় বাংলাদেশ আরো উন্নয়ন, সমৃদ্ধশালী দেশ হিসেবে গড়ে উঠবে। তিনি সামর্থবান সকলকে আয়কর দেয়ার আহবান জানান। চারদিনের মেলায় একই ছাদের নিচে আয়কর দাতারা ই-টিন প্রদান, আয়কর রির্টান গ্রহণ ও পূরণে সহায়তাসহ নানা পরামর্শ পাবেন বলে জানিয়েছেন সংশিষ্টরা। মেলা চলবে আগামী মঙ্গলবার পর্যন্ত।
