খাগড়াছড়ি প্রতিনিধি ॥
খাগড়াছড়িতে অনিবন্ধিত বেসরকারি হাসপাতাল, ক্লিনিক, ডায়াগনস্টিক সেন্টারের বিরুদ্ধে অভিযান চালিয়েছে স্বাস্থ্য বিভাগ। দুপুরে জেলা শহরের বিভিন্ন স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠানে এ অভিযান চালানো হয়। এ সময় পাঁচটি প্রতিষ্ঠানকে ২০ হাজার টাকা আর্থিক জরিমানা ও তিনটিতে টেকনোলজিস্ট না থাকায় এক্সরে রুম সিলগালা করে দিয়েছে প্রশাসন।
জরিমানাকৃত প্রতিষ্ঠানগুলো হলো, খাগড়াছড়ি মেডিকেল সেন্টার, কেএসটিসি হাসপাতাল, চাঁদনী ডায়গনস্টিক সেন্টার, চেঙ্গী কাশবন হাসপাতাল ও ফেয়ার হেলথ ডায়াগনস্টিক সেন্টার। প্রতিষ্ঠানগুলোর মধ্যে তিনটিতে ৫ হাজার করে ১৫ হাজার টাকা জরিমানার পাশাপাশি দক্ষ টেকনোলজিস্ট ছাড়া এক্সরে কার্যক্রম পরিচালনা করায় তাদের এক্সরে রুম সিলগালা করে দেয়া হয়েছে। বাকী দু’টিতে পরিষ্কার-পরিচ্ছন্নতা, ডাক্তার ও প্রশিক্ষিত নার্স না থাকায় জরিমানা করেছে স্বাস্থ্য বিভাগ।
অভিযানকালে জেলা সিভিল সার্জন ডা: মোহাম্মদ ছাবের, জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট আব্দুল্লাহ আল ইমরান, সিভিল সার্জন ডা. মোহাম্মদ ছাবেরসহ অন্যরা উপস্থিত ছিলেন।
স্বাস্থ্য বিভাগ ও প্রশাসন সূত্রে জানায়, স্বাস্থ্য অধিদপ্তরের নির্দেশনা অনুযায়ী খাগড়াছড়িতে বেসরকারি সেবা প্রতিষ্ঠানগুলোর বিরুদ্ধে অভিযান চালানো হচ্ছে। জেলায় নিবন্ধনবিহীন কোন প্রতিষ্ঠান পাওয়া গেলে বন্ধ করে দেয়া হবে। এছাড়াও পরিষ্কার-পরিচ্ছন্নতা, ডাক্তার, প্রশিক্ষিত নার্সসহ সেবা নিশ্চিতের বিষয়টিতে নজরদারি করা হচ্ছে। এ অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছে প্রশাসন।
