করোনার প্রকোপে এখন কৃষিখাতে শ্রমিক সংকট চলছে। দূর হতে যারা এই মৌসুমে এসে ধান কেটে দিতো সেই সমস্ত কৃষি শ্রমিকগুলো এখন যার যার ঘরে বন্দি। এদিকে এখন কাপ্তাইয়ের পাহাড়ী কৃষি জমিতে বোরো ধানের বাম্পার ফলন হয়েছে।
এমন কঠিন সময়ে কৃষকরা ভোগছেন শ্রমিক সংকটে। এই পরিস্হিতিতে এগিয়ে এসেছেন রাঙামাটি জেলার কাপ্তাই উপজেলা স্বেচ্ছাসেবকলীগের নেতাকর্মীরা।
বৃহস্পতিবার (২৩ এপ্রিল) কাপ্তাই উপজেলা স্বেচ্ছাসেবকলীগের সভাপতি ফজলুল কাদের মানিকের নেতৃত্বে উপজেলার ২ নং রাইখালী ইউনিয়নের ৩০ জন নেতাকর্মী ডংনালা এলাকার কয়েক পরিবারের ৪ কানির মতো পাকা ধান কেটে ঘরে তুলে দিয়েছেন।
উপজেলা স্বেচ্ছাসেবকলীগের সভাপতি ফজলুল কাদের মানিক বলেন, রাঙামাটি জেলার গণ মানুষের নেতা সংসদ সদস্য দীপংকর তালুকদার এবং জেলা স্বেচ্ছাসেবকলীগের নেতাদের নির্দেশে তাঁরা এই কার্যক্রমে অংশ নিয়েছেন। তাদের এই কার্যক্রম অব্যাহত থাকবে বলে তিনি জানান।

