পার্বত্য শহর রাঙামাটির আভ্যন্তরীন পরিবহনের একমাত্র অটোরিক্সা কাল রবিবার থেকে ফের চলাচল শুরু করছে। রাঙামাটি অটোরিক্সা চালক কল্যাণ সমিতির সাধারন সম্পাদক ও রাঙামাটি সদর উপজেলা চেয়ারম্যান শহীদুজ্জামান মহসিন রোমান বিষয়টি নিশ্চিত করেছেন।
দীর্ঘ দুইমাস পর চালু হচ্ছে শহরের যাতায়াতের প্রধান বাহনটি। গত ২৬ মার্চ কোভিড-১৯ এর সম্প্রসারণ ও সংক্রান্তন ঠেকাতে সারাদেশে সবকিছু বন্ধ ঘোষণা করা হলে,বন্ধ হয়ে যায় এই গণপরিবহনটিও।
শহীদুজ্জামান মহসিন জানিয়েছেন, ‘অটোরিক্সা চলাচল শুরু হলেও সবার প্রতি অনুরোধ থাকবে স্বাস্থ্য বিধি মেনে চলার এবং চালক যাত্রী সবার প্রতি আমি অনুরোধ করব,যেনো প্রত্যেকেই প্রত্যেকের প্রতি শ্রদ্ধাশীল ও সহনশীল আচরণ করেন। এবং সবাই যেনো মাস্ক এবং গ্লাভস পরিধাণ করেন।’
এদিকে আগামীকালই রাঙামাটি থেকে বিভিন্ন সড়কে বাস চলাচল শুরু হবে কিনা,সেই বিষয়ে এই রিপোর্ট লেখা পর্যন্ত কোন সিদ্ধান্ত হয়নি জানিয়ে রাঙামাটি-চট্টগ্রাম মোটর মালিক সমিতির কার্যকরি সহ-সভাপতির দায়িত্ব পালন করা এই পরিবহন নেতা, শহীদুজ্জামান রোমান বলেন- ‘আমি মাত্রই রাউজানের নেতাদের সাথে কথা বলেছি। তারা আমাকে জানিয়েছেন,চট্টগ্রামের বিভাগীয় কমিশনার মহোদয় তাদের আজ ডেকেছেন ,তারা সেখানে যাচ্ছেন। সেখানে আলোচনা থেকেই হয়তো সিদ্ধান্ত চূড়ান্ত করে সবাইকে জানিয়ে দেয়া হবে।’
