নিষেধাজ্ঞা অমান্য করে কাপ্তাই হ্রদে মাছ শিকারের সময় সাতটি মাছধরার নৌকা ও ২০০০ মিটার জাল আটক করেছে নৌ-পুলিশ ও বিএফডিসির টহল দল। বরকল ও লংগদু উপজেলার সীমান্তবর্তী বরুনাছড়ি এলাকা থেকে এসব নৌকা ও জাল আটক করা হয়।
বাংলাদেশ মৎস্য উন্নয়ন কর্পোরেশন (বিএফডিসি) সূত্র জানায়, রোববার মধ্যরাত থেকে নৌ-পুলিশ ও বিএফডিসির কর্মীরা অবৈধভাবে মাছ শিকার করা জেলেদের ধরতে অভিযান চালায়। অভিযানের এক পর্যায়ে বরুনাছড়ি এলাকা থেকে ৭টি মাছধরার নৌকা ও ২০০০ মিটার জাল আটক করা হয়। এসময় জেলেরা পালিয়ে যায়।
বিএফডিসির লংগদু ব্যবস্থাপক আকবর হোসেন বলেন, ‘নিষেধাজ্ঞা অমান্য করে অবৈধভাবে মাছ শিকারের সময় ৭ টি নৌকা ও জাল আটক করা হয়েছে। বন্ধের মৌসুমে কাপ্তাই হ্রদে অভিযান চালিয়ে এ পর্যন্ত ৪৫টি নৌকা ও বিপুল পরিমান জাল আটক করা হয়েছে। মাছের প্রজনন মৌসুমে অবৈধ মাছ শিকারীদের ধরতে নিয়মিত অভিযান পরিচালনা করা হচ্ছে। তবে মাছ শিকারীদের ধরিয়ে দিতে জনসাধারনকেও এগিয়ে আসতে হবে।’
উল্লেখ্য, মাছের প্রাকৃতিক প্রজনন মৌসুমে প্রতি বছর পহেলা মে হতে পরবর্তী তিন মাসের জন্য কাপ্তাই হ্রদে সকল প্রকার মাছ শিকার, পরিবহন ও সংরক্ষনে নিষেধাজ্ঞা জারি করে জেলা প্রশাসন। বন্ধের এ সময়ে কাপ্তাই হ্রদের জেলেদের মাঝে খাদ্য সহায়তার পাশাপাশি কার্প জাতীয় মাছের পোনা অবমুক্ত করা হয়।
