কাপ্তাই প্রতিনিধি ॥
রাঙামাটির কাপ্তাই পানি বিদ্যুৎ উৎপাদন এলাকার স্পিলওয়ে সংলগ্ন বিজিবি ও ব্যাটালিয়ন আনসার ক্যাম্পে বন্য হাতির আক্রমণে ক্যাম্পের বিভিন্ন মালামাল ও ব্যারাকের ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। শনিবার ভোরে ১২ টি বন্য হাতির দল একযোগে আক্রমণ করেন।
ক্যাম্পের দায়িত্বরত বিজিবির হাবিলদার আব্দুল আজিজ বলেন, ভোরে বন্য হাতির আক্রমণে বিজিবি এবং ব্যাটালিয়ন আনসার সদস্যরা প্রাণ রক্ষায় দৌঁড়ে গিয়ে পার্শ্ববর্তী আর একটা ক্যাম্পে আশ্রয় নেন।
২৪ আনসার ব্যাটালিয়নের সিনিয়র প্লাটুন কমান্ডার নবাব আলী দেওয়ান জানান, শনিবার ভোর রাতে এই হাতির দল আক্রমণ করে ক্যাম্পের ব্যাপক ক্ষতি সাধন করে এবং ক্যাম্পের পানির লাইন ক্ষতিগ্রস্ত করে। এসময় মশাল জ্বালিয়ে এবং বাজনা বাজিয়ে হাতির দলকে ফেরানো যায়নি। ফলে আমরা বিজিবি ও ব্যাটালিয়ন আনসার সদস্যরা অস্ত্র ও গোলাবারুদ নিয়ে স্পিলওয়ের এপারে চলে আসি।
ক্যাম্পের ব্যাটালিয়ন আনসার সদস্য রাজু মিয়া দুলাল জানান, চলতি সপ্তাহে আরোও ৩ বার হাতির দল ক্যাম্পের আশেপাশে এসে গাছ গাছালির ব্যাপক ক্ষতিসাধন করেছে।
প্রসঙ্গত, কাপ্তাই পানি বিদ্যুৎ উৎপাদন এলাকার স্পিলওয়ের সুরক্ষার জন্য কাপ্তাই ১৯ বিজিবির ১৪ জন সদস্য এবং ২৪ আনসার ব্যাটালিয়নের ৩২ জন সদস্য ঐ ক্যাম্পে দায়িত্বপালন করে আসছেন।
