জিয়াউল হক, কাপ্তাই থেকে ॥
বিজয়ের সুবর্ণ জয়ন্তী ও পার্বত্য শান্তি চুক্তির দুই যুগ পূর্তি উপলক্ষে কাপ্তাই জোনের উদ্যোগে রাঙামাটির কাপ্তাই হ্রদে মনোরম নৌকা বাইচ অনুষ্ঠিত হয়। শনিবার দুপুরে কাপ্তাইয়ে লেক ভিউ আইল্যান্ডে এই নৌকা বাইচ আনুষ্ঠিত হয়।
নৌকা বাইচে প্রধান অতিথি ছিলেন রাঙামাটি রিজিয়নের কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল ইফতেকুর রহমান। এতে কাপ্তাই জোনের কমান্ডার লে. কর্নেল আনোয়ার জাহিদ, উপজেলা নির্বাহী অফিসার মুনতাসির জাহানসহ উচ্চ পর্যায়ে কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
বাংলার ঐতিহ্যবাহী নৌকা বাইচ। এই বাইচে জেলার বিভিন্ন প্রান্ত থেকে নৌকা নিয়ে হাজির হয় প্রতিযোগিরা। বৈঠার তালে তালে প্রতিযোগিরা বন্ধুত্বপূর্ণ সম্পর্ক নিয়ে বাইচে অংশ নেয়। হ্রদের স্বচ্ছ জলে বৈঠার তালে তালে এগিয়ে যায় প্রতিযোগিরা। আর এসময় হাজারো নারী-পুরুষ করতালির মাধ্যমে তাদের উৎসাহ দেয়। এই নৌকাবাইচকে ঘিরে পাহাড়ি-বাঙালি মিলনমেলা পরিণত হয়।
পাহাড়ি এই জেলার বিভিন্ন স্থান থেকে নৌকা নিয়ে বাইচে যোগ দেন ৩০টি দল। এতে ছিল নারীদের দলও। নৌ বাইচ শেষে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেয়া হয়।
রাঙামাটি রিজিয়নের কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল ইফতেকুর রহমান বলেন, জাতি, ধর্ম-বর্ণ সবাই বাংলাদেশের নাগরিক, এই দেশকে এগিয়ে নিতে আমরা সবাই কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করবো। পার্বত্য চট্টগ্রামের আমরা যারা আছি, সবাই মিলে পার্বত্য এলাকাকে এগিয়ে নিতে ঐক্যবদ্ধভাবে কাজ করে যাচ্ছি।
