কাপ্তাই উপজেলা ক্রীড়া সংস্থার বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়। মঙ্গলবার উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে ক্রীড়া সংস্থার সভাপতি উপজেলা নির্বাহী কর্মকর্তা তারিকুল আলমের সভাপতিত্বে এই সভা আয়োজন করা হয়।
সভায় সাবেক উপজেলা পরিষদ চেয়ারম্যান অংসুইছাইন চৌধুরী, কাপ্তাই উপজেলা পরিষদ মহিলা ভাইস চেয়ারম্যান নুরনাহার বেগম, কাপ্তাই থানার ওসি(তদন্ত) নুরুল আলম, কাপ্তাই প্রেস ক্লাব সভাপতি কাজী মোশাররফ হোসেনসহ ক্রীড়া সংস্থার সাধারণ পরিষদের সদস্যরা উপস্হিত ছিলেন।
সভায় সভাপতির বক্তব্যে উপজেলা নির্বাহী কর্মকর্তা তারিকুল আলম জানান, কাপ্তাই উপজেলা ক্রীড়া সংস্থার একটি ঐতিহ্যবাহী সংগঠন, এই বছর আমরা সফলভাবে ইউনিয়ন পরিষদ গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট সফলভাবে সম্পন্ন করেছি, আগামীতে আমরা সারাবছর বিভিন্ন কর্মসূচির মাধ্যমে কাপ্তাই এর ক্রীড়াঙ্গনকে সচল রাখবো। এদিকে আগামী ২৯ অক্টোবর কাপ্তাই উপজেলা ক্রীড়া সংস্থার সাধারণ সদস্যদের মাধ্যমে ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদকসহ বিভিন্ন পদের নির্বাচন অনুষ্ঠিত হবে বলে জানিয়েছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ক্রীড়া সংস্থার সভাপতি তারিকুল আলম।
