উৎসবমুখর পরিবেশে নেতা-কর্মীদের ভোটে কাপ্তাই ইউপি আওয়ামী লীগের সভাপতি নির্বাচিত হয়েছেন কাজী সামশুল ইসলাম আজমীর এবং সাধারণ সম্পাদক পদে পুনঃনির্বাচিত হয়েছেন মহিউদ্দিন পাটোয়ারী বাদল। কাপ্তাই ইউপি কার্যালয় প্রাঙ্গণে মঙ্গলবার সকাল থেকে উৎসবমুখর আয়োজনের মধ্য দিয়ে অনুষ্ঠিত হয় আওয়ামীলীগের ত্রি-বার্ষিক সম্মেলন।
কাপ্তাই ইউনিয়ন আওয়ামীলীগের গতবারের কমিটির সভাপতি সাগর চক্রবর্তীর সভাপতিত্বে জাতীয় পতাকা উত্তোলনের মাধ্যমে সম্মেলনের আনুষ্ঠানিক উদ্বোধন করেন কাপ্তাই উপজেলা আওয়ামীলীগ সভাপতি ও উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান অংসুই ছাইন চৌধুরী। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন রাঙামাটি জেলা আওয়ামীলীগের সহ-সভাপতি ও সাবেক জেলা পরিষদ চেয়ারম্যান চিংকিউ রোয়াজা। সম্মেলনে প্রধান বক্তা ছিলেন, উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক প্রকৌশলী থোয়াইচিং মং মারমা। এসময় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, কাপ্তাই উপজেলা ভাইস চেয়ারম্যান ও উপজেলা যুবলীগ সভাপতি মোঃ নাছির উদ্দিন, উপজেলা ছাত্রলীগ সভাপতি এম নূর উদ্দিন সুমন প্রমুখ।
সম্মেলনে বিপুল সংখ্যক নেতাকর্মীর উপস্থিতি ছিল লক্ষণীয়।
বিজয়ীদের সঙ্গে সভাপতি পদে প্রতিদ্বন্দ্বিতা করেন, গত কমিটির সভাপতি সাগর চক্রবর্ত্তী, শিক্ষা ও মানব সম্পদ বিষয়ক সম্পাদক আবদুল মালেক ফকির। এছাড়া সাধারণ সম্পাদক পদে প্রতিদ্বন্দ্বিতা করেন, ইউনিয়ন আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক ও সাবেক ছাত্রনেতা আক্তার আলম।
