কাপ্তাই প্রতিনিধি
বাংলাদেশ জাতীয় স্কুল, মাদ্রাসা ও কারিগরী শিক্ষা ক্রীড়া সমিতির ব্যবস্থাপনায় ৫০তম শীতকালীন ক্রীড়া প্রতিযোগিতার সমাপনী সম্পন্ন হয়েছে। সোমবার বিকেলে কাপ্তাই উপজেলার কর্ণফুলী সরকারি কলেজ মাঠে এই প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।
‘সুস্থ দেহে সুন্দর মন, ক্রীড়া করে আনয়ন’ এ প্রতিপাদ্য বিষয়কে সামনে রেখে অনুষ্ঠিত সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে প্রতিযোগিতায় বিজয়ীদের পুরস্কার বিতরণ করেন কাপ্তাই উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মুনতাসির জাহান।
উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা নাদির আহমেদের সঞ্চালনায় অনুষ্ঠিত সমাপনী অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন কর্ণফুলী সরকারি কলেজের অধ্যক্ষ এএইচএম বেলাল চৌধুরী, কাপ্তাই উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মো. নাসির উদ্দীন, কাপ্তাই থানার ওসি (তদন্ত) আকতার হোসেন, একাডেমিক সুপারভাইজার সোশেল চাকমা।
প্রসঙ্গত, গত ১৮-২৫ জানুয়ারি কাপ্তাই উপজেলাধীন মাধ্যমিক পর্যায়ের বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের ছাত্র-ছাত্রীরা বিভিন্ন ইভেন্টে যেমন ক্রিকেট, ভলিবল, ব্যাটমিন্টন, অ্যাথলেটিকস্ খেলায় অংশগ্রহণ করেন। সোমবার বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণের মধ্য দিয়ে শেষ হলো এই আয়োজনের।
