রাঙামাটি জেলার কাপ্তাই উপজেলার ওয়াগ্গা ইউপির দেবতাছড়ি এলাকা হতে বৃহস্পতিবার রাত তিনটার সময় একটি রাইফেলসহ মদ্যপায়ী দুই যুবককে আটক করেছে সেনাবাহিনী।
রাইফেলটি লাইসেন্সকৃত হলেও অবৈধভাবে অতিরিক্ত ৪৫ রাউন্ড (লাইসেন্সকৃত অস্ত্রের সাথে ৩০ রাউন্ড এ্যামোঃ থাকতে পারে) এ্যামোনিশন থাকার কারণে তাদের দুই জনকে আটক করে কাপ্তাই থানায় সোপর্দ করা হয়েছে। থানা সুত্রে এসব তথ্য জানা যায়।
কাপ্তাই থানা সুত্রে আরও জানা যায়, রাঙামাটি সেনাবাহিনীর মেজর মোহাম্মদ মঈনুল ইসলামের নেতৃত্বে ওয়াগ্গা ইউপির দেবতাছড়ি এলাকার দুর্গাচরণ কারবারির পুত্র রাজ চন্দ্র তনচংগ্যা (৩৫) ও একই এলাকার দেবী চরণ তনচংগ্যার পুত্র খোকন তনচংগ্যা (৩২) কে আটক করা হয়েছে। পরে তাদের থানায় হস্তান্তর করা হয়।
কাপ্তাই থানা পুলিশ পরিদর্শক (তদন্ত) নুরুল আলম ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, লাইসেন্স বিহীন তার কাছে অতিরিক্ত ৪৫ রাউন্ড এ্যামোনিশন পাওয়া যায়। বর্তমানে আটককৃত ব্যক্তিদ্বয় কাপ্তাই থানা হেফাজতে রয়েছে এবং মামলা প্রক্রিয়াধীন বলে জানা যায়।
