রাঙামাটির কাপ্তাইয়ে নৃ-গোষ্ঠীর এক ব্যক্তির অজ্ঞাত লাশ উদ্ধার করেছে থানা পুলিশ। শনিবার সন্ধ্যা ছয়টার দিকে উপজেলার কলমীছড়া এলাকায় কাপ্তাই হ্রদ থেকে ভাসমান অবস্থায় এ লাশ উদ্ধার করা হয়। উদ্ধার করা ব্যক্তির বয়স আনুমানিক ৫০ বছর হবে পুলিশের ধারণা।
ঘটনার সত্যতা নিশ্চিত করে কাপ্তাই থানার পরিদর্শক (তদন্ত) নুরুল আলম পাহাড়টোয়েন্টিফোর ডটকম-কে জানিয়েছেন, ‘আমরা কাপ্তাই খালের মুখ সংলগ্ন কলমীছড়া এলাকার কাপ্তাই হ্রদ থেকে লাশ উদ্ধার করি। লাশের শরীরের পঁচনের অবস্থা অনুভব করে অনুমাণ করা হচ্ছে সে গত এক সপ্তাহ আগে মৃত্যুবরণ করে।’
লাশের শরীরে কোনো ধরণের আঘাত রয়েছে কি না জানতে চাইলে এই পুলিশ পরিদর্শক জানান, ‘ময়নাতদন্তের পর বিস্তারিত জানা যাবে।’
কাপ্তাই ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান প্রকৌশলী আব্দুল লতিফ জানান, ‘স্থানীয়দের কাছ থেকে শুনেছি এর আগে লাশটি রাঙামাটির বিলাইছড়ি, কাপ্তাইয়ের হরিণছড়া ও শুকনা ছড়িতেও দেখা গিয়েছে। সেখান থেকেই ভেসে কাপ্তাইয়ে এসেছে। তবে এই লাশের রহস্যের বিষয়ে পুলিশ ভালো বলতে পারবে।’